শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের বর্ধিত ভর্তি ফি কমানো হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি ফি ৯ হাজার ৫০০ টাকা বাড়ানো কথা বলা হলেও তা কমিয়ে ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে গত বছর ভর্তি ফি ছিল ৬৮৫০ টাকা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে স্বাভাবিকের চেয়ে ৩৯ শতাংশ ভর্তি ফি বৃদ্ধির আশঙ্কা নিষ্পত্তি করে তা ১০ শতাংশে কমিয়ে আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ২০১৮-১৯ সেশনের ভর্তি ফি বাবদ ৯ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য বিষয়াদি সংক্রান্ত বিবৃতি প্রদান করা হয়। বিবৃতিতে ভর্তি ফি ৬ হাজার ৮৫০ টাকা থেকে ৯ হাজার ৫০০ টাকা অর্থাৎ ৩৯ শতাংশ বৃদ্ধি উল্লেখ করা হয়। এর বিরুদ্ধে আন্দোলন এবং উপাচার্য বরাবর স্বারকলিপি জমা দেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন। এরই প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলে বর্ধিত ফি কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে বুধবার ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিগত ২০১২ থেকে মুদ্রাস্ফীতি বিবেচনায় এবছর ২৪ শতাংশ ফি বৃদ্ধির কথা। কিন্তু শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা স্বল্প পরিমাণ বৃদ্ধি করেছি।