নিহত মাহমুদুল হাসান © সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ক্লাবের সামনে রিকশা থেকে পড়ে মৃত্যু ঘটেছে এক শিক্ষার্থীর। শিক্ষার্থীর নাম মাহমুদুল হাসান। বাড়ি জয়পুরহাট। তিনি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আকস্মিক এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।
প্রত্যক্ষদর্শী মো. আব্দুল্লাহ জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে চবি মেডিকেল থেকে আসার পথে শিক্ষক ক্লাবের সামনে অজ্ঞান হয়ে রিকশা থেকে পড়ে যান মাহমুদুল হাসান। এ সময় মাথায় আঘাত লেগে সেখানেই প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা দপ্তরের সামনে তার নড়াচড়া বন্ধ হয়ে যায়। মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। পরে চমেকের কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মাহমুদুল হাসান আগে থেকেই অসুস্থ ছিলেন। গত পরশুদিনও তিনি চিকিৎসার জন্য মেডিকেলে গিয়েছিলেন। আজ মঙ্গলবার নিজ বিভাগের ক্লাসও শেষ করে অসুস্থতা বোধ করলে মেডিকেলে যান। আর মেডিকেল থেকে আসার পথে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মাহমুদুল হাসানেরদেয়া সর্বশেষ স্ট্যাটাস ছিলো এ রকম- ‘বাড়ি যেতে চাই, যান্ত্রিকতা আর ভালো লাগতেছে না। বডি পার্টস চিটাগং এর সাথে আর খাপ খাওয়াইয়া চলতে পারতেছে না। কিডনি থেকে হার্ট, সহনীয় থেকে ১০০% বেশি ব্যাথা।’