ক্ষোভ প্রণব মুখার্জীর
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, অমর্ত্য সেন, হরগোবিন্দ খুরানা, সুব্রক্ষণ্যম ও সি ভি রমনের মত বিজ্ঞানীরা এদেশে গবেষণা করেছেন, নোবেলও পেয়েছেন। তবে কেন এখন উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে হচ্ছে? খেদ প্রকাশ করে তিনি বলেন, প্রতিবছর ১ লাখ ৭৭ হাজার গবেষক বিদেশ চলে যাচ্ছে। এটা মানা যায় না। শিক্ষার্থীদের গবেষণার জন্য বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান তিনি।
ভারতের পশ্চিমবঙ্গ নদীয়ার অবস্থিত কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বৃহস্পতিবার ডি লিট সম্মাননা গ্রহণকালে প্রাক্তন রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এক সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা তক্ষশীলা ও নালন্দা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসতেন। কিন্তু এখন ঠিক বিপরীত অবস্থার সৃষ্টি হয়েছে। এখন আমাদের দেশে থেকেই হাজার হাজার ছেলেমেয়ে লেখাপড়া করার জন্য বিদেশে চলে যাচ্ছেন। তাই আমাদের দেশের মেধাকে আমরা সেভাবে কাজে লাগাতে পারছি না। তাদের দেশে রেখে দেওয়ার জন্য শিক্ষার পরিকাঠামোয় আরও উন্নতি করা প্রয়োজন।’
ভারতীয় উচ্চশিক্ষার সমালোচনা করে প্রণব মুখার্জী বলেন, আমাদের উচ্চশিক্ষার গবেষণা অপুষ্টিতে ভুগছে। গবেষণার জন্য প্রয়োজনীয় খরচ না করা এবং কাঠামোগত কিছুর সমস্যার কারণেই শিক্ষার্থীরা বিদেশ চলে যাচ্ছে। তিনি বলেন, ‘আমি যখন অর্থমন্ত্রী ও প্ল্যানিং কমিশিনের ডেপুটি চেয়ারম্যান ছিলাম, তখন শিক্ষায় জিডিপির ৬ শতাংশ খরচের কথা বলেছিলাম। কিন্তু বাস্তবে ৫শতাংশও হচ্ছে না। এটা দুঃখনজক।’
ভারতীয় টেকনোলজির প্রশংসা করে সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, প্রযুক্তিগত উন্নয়নের ফলে ভারতের ব্যাপক অগ্রগতি হয়েছে। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রণব মুখার্জীর পাশাপাশি এদিন গায়ক কবির সুমনকেও ডিলিট দেওয়া হয়। যিনি বক্তৃতাকালে বলেন, ‘জানি না এই সম্মান পাওয়ার আমি উপযুক্ত কিনা। তবে আমাদের দেশে শিক্ষার পাশাপাশি স্কুল ও কলেজে গানের শিক্ষার ব্যবস্থা করতে পারলে আমি আরও খুশি হতাম।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শঙ্করকুমার ঘোষ বলেন, এদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। তিনি জানান, তার বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও পড়াশোনার মান যথেষ্ট উন্নত। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার আদানপ্রদানের ক্ষেত্র আরও প্রসারিত করতে হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিঠানের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য তৃতীয় লিঙ্গের সুমনা প্রামাণিককে মেডেল দিয়ে সম্মানিত করা হয়।
সমাবর্তনে পিএইচডি ডিগ্রি পান ২০৯ জন গবেষক। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৯১, কলা ও বাণিজ্য শাখায় যথাক্রমে ৬৩ ও ৩৬জন এবং এ টি এম এ শাখায় শংসাপত্র পান ১৯ জন। বিভিন্ন বিষয়ে সাফল্যের জন্য ১০১ জন ছাত্রছাত্রীকে দেওয়া হয় মেডেল ও সার্টিফিকেট । একই সঙ্গে সফল ছাত্র-ছাত্রীদের ডিগ্রির পাশাপাশি ৩ জন ছাত্র-ছাত্রীকে দেওয়া হয় vice-chancellors গোল্ড মেডেল।
সমাবর্তন অনুষ্ঠানে স্বামী আত্মপ্রিয়ানন্দ উপাচার্য রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, বেলুড় মঠ, কল্যাণী বিধানসভার বিধায়ক ড. রমেন্দ্রনাথ বিশ্বাস সহ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. দেবাংশু রায়সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
[রিপোর্ট তৈরিতে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের সহায়তা নেয়া হয়েছে]