রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ © টিডিসি ফটো
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স (স্নাতক) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩টি অনুষদের অন্তর্ভুক্ত ৪টি বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৪ বছরমেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে শর্তসাপেক্ষে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
ভর্তি বিজ্ঞপ্তির শর্তের মধ্যে বলা হয়, ২০১৫ ও ২০১৬ সালের এসএসসি/সমমান এবং ২০১৭ ও ২০১৮ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
আবেদনের ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) বিজ্ঞান শাখার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসির মোট জিপিএ ৬.৫০।
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে জিপিএ ৬.০০। এ ছাড়া সব শাখার শিক্ষার্থীর ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
ভর্তির জন্য বাছাই পরীক্ষা হবে ৮ ডিসেম্বর। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের এমসিকিউ পরীক্ষা। আর এসএসসি ও এইসএসসি পরীক্ষার ফল হতে যথাক্রমে ৩০ ও ৫০ নম্বর যোগ করা হবে। ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কর্তন করা হবে। সার্ভিস চার্জসহ ভর্তি ফরমের মূল্য ধরা হয়েছে ১ হাজার ২০ টাকা।
আবেদনের নিয়মাবলি এবং ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের www.rub.ac.bd এবং admission.rub.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া আবেদন-সংক্রান্ত যে কোনো সমস্যা admission.rub.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ভর্তি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন...