সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করায় শাখা ছাত্রলীগের ওপর ক্ষুদ্ধ হয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অভিযোগ করে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অভিযোগের ভিত্তিতেই কমিটি স্থগিত করা হয়েছে বলে মনে করছেন ইবি ছাত্রলীগের নেতারা।
জানা যায়, গত রবিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইবি শাখা ছাত্রলীগের সব ধরনের সাংগঠিক কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ইবির ছাত্রলীগ নেতারা বলছেন, সম্প্রতি বর্ধিত ফি আদায়ের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করায় প্রশাসন ছাত্রলীগের উপর ক্ষিপ্ত হয়। এর জেরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্তাব্যক্তি কেন্দ্রের কাছে শাখা ছাত্রলীগকে নিয়ে বিভিন্ন অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে ইবি ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চর্চায় এবং সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত ছিল। তবে সম্প্রতি বর্ধিত ফির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ নেয়ায় প্রশাসনের কর্তাব্যক্তিরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আমাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিছু অভিযোগ পেয়েছি। এছাড়া কয়েক কর্মীও অভিযোগ করেছে। এরই প্রেক্ষিতে কমিটির কার্যক্রম স্থগিত করে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলেই সব খোলাসা হবে।’
ইবি ছাত্রলীগের বিরুদ্ধে আনীত অন্য অভিযোগের মধ্যে রয়েছে, কমিটি পূর্ণাঙ্গ করতে নেতাকর্মীদের থেকে সিভি বাবদ টাকা নেওয়া ও শিক্ষকদের কাছে চাঁদা দাবি।