বহদ্দারহাট বাস টার্মিনালে হামলার স্বীকার চবি শিক্ষক বাস © সংগৃহীত
সারাদেশে চলমান শ্রমিকদের পরিবহন ধর্মঘটের আওতামুক্ত ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব ধরনের যানবাহন। তবে শ্রমিকরা নিজেদের দেয়া কথা ভঙ্গ করেই বিশ্ববিদ্যালয়গামী শিক্ষকবাসে হামলা করেন। সোমবার সকাল ৮টায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাস চালককে মারধরের পর তার মানিব্যাগ থেকে নগদ তিন হাজার টাকা এবং পনেরো হাজার টাকা মূল্যের একটি মোবাইল হাতিয়ে নেয় হামলাকারীরা।
জানা যায় হামলার শিকার বাসটি শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী তিন নম্বর বাস (বাস নং-১১০০২৫) । সকাল সাতটা ৪৫ মিনিটে রাহাত্তারপুল এলাকা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওয়ানা হলে বহদ্দারহাট বাস টার্মিনালে পৌঁছাতেই পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয় বাসটি। এ সময় প্রায় ২৫ থেকে ৩০ জন পরিবহন শ্রমিক বাসচালক দুলালকে বেধড়ক পিটিয়ে মুখে মবিল লাগিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী চবি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী হারুন-উর-রশীদ বলেন, ‘টার্মিনাল এলাকায় বাসটিতে হামলা হয়। ধর্মঘটের আওতামুক্ত আছে বলার পরেও তারা বাসচালককে অনেক মারধর করে।’ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, শিক্ষকবাসে হামলা, চালককে মারধর ও ছিনতাইয়ে ঘটনার ব্যাপারে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তারা ব্যবস্থা নিবে।