দেশব্যাপী চলছে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘন্টাব্যাপী ধর্মঘট। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। তবে পরিবহন ধর্মঘট থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'এ' ইউনিটের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে তথা আগামীকাল সোমবার যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
রবিবার বিকেলে চবির ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দূরদূরান্ত থেকে ভর্তি পরীক্ষার্থীরা আসতে না পারলেও কিছু করার থাকবে না বলে জানিয়েছেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষায় চবির দ্বিতীয় সর্বোচ্চ পরীক্ষার্থী ‘এ’ ইউনিটে। এতে আবেদন করেছে ৪৪,৪৩১ জন শিক্ষার্থী। এছাড়া সর্বোচ্চ আবেদন পড়েছে ‘ডি’ ইউনিটে। এতে আবেদন করেছে ৪৪,৫৬৮ জন।