মাহমুদ বিন আশরাফ © সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ হলে তাতে পাশের নির্মাণাধীন ভবন থেকে রড় ছিটকে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই ছাত্রের নাম মাহমুদ বিন আশরাফ (২২)। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আহত আরেকজন হলেন রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইখতেদার ইভান (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৫/এ রোডের মেডিনোভা হাসপাতালের পাশে বসে কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় সেখানকার একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। তখন পাশের একটি নির্মাণাধীন বাড়ির ওপর থেকে একটি রড ছিটকে তাদের মধ্যে দুজনের ওপর পরে।
পরে বন্ধুরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মাহমুদ বিন আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত ইখতেদার ইভান রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো. বাচ্চু মিয়া বলেন, নিহত আশরাফের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।