জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণির ‘ইউনিট-২’ (মানবিক শাখা) এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মানবিক শাখার ৭৮৮টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে ফলাফলের ভিত্তিতে প্রথম ৪৫০৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। মানবিক শাখার ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘ইউনিট-২’ এর ৭৮৮টি আসনের বিপরীতে প্রাথমিক ভাবে ভর্তি পরীক্ষার জন্য ১৬৭১৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত পর্যায়ে ১৪৫৭১ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। ভর্তি পরীক্ষার্থীদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে প্রথম ৪৫০৮জন শিক্ষার্থীকে সাবজেক্ট পছন্দ করার জন্য মনোনীত করা হয়েছে।
মনোনীত শিক্ষার্থীদেরকে আগামী ২৬ অক্টোবর দুপুর ১২টা থেকে ৫ নভেম্বর রাত ১২টার মধ্যে সাবজেক্ট পছন্দ করতে হবে। উল্লেখ্য, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী যদি বিষয় পছন্দ করতে না পারে তাহলে সেই শিক্ষার্থী ভর্তির জন্য বিবেচিত হবে না।