© ফাইল ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) আঠারো শিক্ষকের পুনরায় কলেজে ফিরে যাওয়া নিয়ে হাইকোর্টের ছয় মাসের স্থগিতাদেশ অমান্য করায় ‘আদালত অবমাননা’র দায়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রারসহ চারজনকে কেন শোকজ (কারণ দর্শানো) করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার দুপুরে বিচারপতি মামুনুল রহমান ও আশিষ রঞ্জন আদালতে এ রুল জারি করেন।
এ ব্যাপারে ১৮ শিক্ষকের পক্ষে রিটকারী আইনজীবী ফাহমিদ সারওয়ার বলেন, আদালত স্থগিতাদেশ দেওয়া সত্বেও শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের আঠারো শিক্ষককে স্বপদে বহাল রাখা হয়নি। যা আদালত অবমাননার শামিল। এর প্রেক্ষিতে চবি উপাচার্যসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রুল জারি করেছে হাইকোর্ট ।
উল্লেখ্য, গত ১৫ জুলাই চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আঠারো শিক্ষকের কলেজে ফিরে যাওয়ার বিষয়ে ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছিলো হাইকোর্ট। একই সাথে কলেজে ফিরে যাওয়ার আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করে আদালত। এরপর হাইকোর্টের স্থগিতাদেশের বিপক্ষে আপিল করে বিশ্ববিদ্যালয়। আপিলের শুনানি এক দফা পিছিয়ে গত ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়। শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বেঞ্চ হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রাখেন।