© টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রথম দিনে তিনটি অনুষদের অধীন ৫ টি গ্রুপের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ পরীক্ষা চলে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ৮টায় সি ইউনিটভুক্ত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল ১০টায় সি-২, ১২টায় ডি ইউনিটের অধীন জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডি-১, দুপুর আড়াইটায় ডি-২ এবং বিকাল সাড়ে ৪টায় বিজনেস স্টাডিজ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের বি-১ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজকের পরীক্ষায় সি ইউনিটে মোট ৩১ হাজার ৯ জন শিক্ষার্থী, ডি ইউনিটে ৩০ হাজার ৮৯০ জন এবং বি-১ এ ১২ হাজার ৪০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর আগে সকাল ৮ টায় পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, প্রশ্নফাঁসের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্মান জড়িত। সম্মানিত ডিনগণ দায়িত্বে ছিলেন। তারা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেছেন। অতএব প্রশ্ন ফাঁসের কোন সম্ভাবনা নেই। এছাড়া আগামীর বছর থেকে লিখিত ও এমসিকিউ এর সমন্বয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। একই সাথে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।
এদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা বাতিল নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জালিয়াতি বা প্রশ্ন ফাঁস হওয়ার মতো কোন খবর পাওয়া যায়নি।
এদিকে আগামীকাল দ্বিতীয় দিন সকাল ৮টায় ‘বি-২’, সকাল ১০টায় ‘ই-১’ (সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ), দুপুর ১২টায় ‘ই-২’, আড়াইটায় ‘এ-১’ (কলা ও চারুকলা অনুষদ) এবং বিকাল সাড়ে ৪টায় ‘এ-২’ গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে।
উল্লেখ্য, এ বছর পাঁচটি ইউনিটের আওতায় ৫৯টি বিভাগে মোট চার হাজার সাতশত আসনের বিপরীতে এক লাখ ৪৭ হাজার ৭৫০টি প্রবেশপত্র সংগ্রহ করা হয়েছে।