© টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে বিনা পয়সায় বিশুদ্ধ খাবার পানি ও পরীক্ষা উপকরণ কলম দিয়ে সহযোগিতা করছে শাখা ছাত্রলীগ। সোমবার সকাল ৮টা থেকে তাদের এ কার্যক্রম শুরু হয়। এ সহযোগিতা কার্যক্রম চলবে আগামীকাল বিকেল পর্যন্ত।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে অস্থায়ী বুথ বসানো হয়েছে। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সময় বাঁচানো ও হয়রানি বন্ধে তারা এ কার্যক্রম গ্রহণ করেছে। আগামী দুইদিন শিক্ষার্থীদের সাহায্যার্থে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান করবেন তারা।
ফয়সাল আহমেদ রুনু বলেন, বিশ্ববিদ্যালয়ে আসা ভর্তিচ্ছু এবং তাদের অভিভাবকদের সহযোগিতার জন্য আমরা ছাত্রলীগের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেছি এবং বিনা পয়সায় পানি ও কলম বিতরণের ব্যবস্থা করেছি। তাদের যে কোন ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। এর আগে দুপুরে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করে ছাত্রলীগ নেতারা।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলবে ২২-২৩ অক্টোবর পর্যন্ত।