আলোকসজ্জিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © টিডিসি ফটো
নানা আয়োজনে আগামীকাল পালিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস হলেও এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি থাকায় দিবসটি পালিত হচ্ছে দুইদিন পর। দিবসটি উপলক্ষে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস: অদম্য তের বছর’ স্লোগানকে সামনে রেখে সোমবার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ।
ওইদিনের কর্মসূচিতে রয়েছে সকাল ৯ টা ১০মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন। সকাল ৯ টা ১৫মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এরপর সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে উপাচার্যের নেতৃত্বে র্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। পরে রায়সাহেব বাজার মোড় হয়ে ক্যাম্পাসে এসে সমাপ্ত হবে।
সকাল সাড়ে ১০ টায় সামাজিক বিজ্ঞান ভবন চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা ১২টায় নতুন একাডেমিক ভবনের নিচতলায় বার্ষিক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এছাড়াও দিনব্যাপী ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় প্রকাশনা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক, শুভানুধ্যায়ী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।