দেয়ালে লাগানো ছাত্রশিবিরের স্টিকার © টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার্থীদের সাহায্যার্থে বিভিন্ন কর্মসূচী নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তবে প্রকাশ্যে নেই শিবির-ছাত্রদল। কিন্তু স্টিকার ও লিফলেটে ভর্তিচ্ছুদের মাঝে প্রচারণা চালাচ্ছে দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে অবস্থান না থাকা এই দুই ছাত্র সংগঠন ।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, একাডেমিক ভবনগুলোর প্রবেশ মুখে ছাত্রশিবির স্টিকার লাগিয়েছে। স্টিকারে লেখা আছে, হে নবীন পুষ্পিত শুভেচ্ছা তোমায়। এছাড়া বৈদ্যুতিক খুঁটিসহ ভবনের বিভিন্ন অংশে ছাত্রদলের স্টিকার লাগানো দেখা গেছে। সেখানে লেখা আছে, ডিগ্রী অর্জনের চাইতে শিক্ষিত মানুষ হওয়া প্রয়োজন।
এদিকে কিছুদিন আগেও শিবিরের চার কর্মীকে পিটিয়ে পুলিশে দেয় শাখা ছাত্রলীগ। এরপরও ক্যাম্পাসে প্রচার-প্রচারণা থেমে নেই তাদের। যা শাখা ছাত্রলীগের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে।
শাখা ছাত্রলীগের সিনিয়র কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছাত্রলীগ বিভিন্ন সময়ে শিবির ক্যাডারদের পুলিশে দিয়েছে এবং শিবির মুক্ত ক্যাম্পাস গড়ার কথা বলছে। তবে সত্যিকার অর্থে শিবিরমুক্ত ক্যাম্পাস হলে কিভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছে এই প্রশ্ন তাদের।
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, তারা এই কাজগুলো অত্যন্ত গোপনে করে থাকে। তবুও ক্যাম্পাসে যেন কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি থাকবে।