রাজশাহী বিশ্ববিদ্যালয়

লিপু হত্যাকারীদের পরিচয় মিললো না দুই বছরেও

লিপু হত্যার তদন্ত ও বিচারের দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন
২০ অক্টোবর ২০১৮, ০৩:৫৩ PM
লিপু হত্যার বিচারের দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

লিপু হত্যার বিচারের দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন © ফাইল ফটো

তিনবার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর মামলা এখন সিআইডিতে। ইতোমধ্যে পেরিয়ে গেছে দুই বছর। দীর্ঘ সময় পার হলেও রহস্য উদঘাটিত হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যাকাণ্ডের। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে স্বীকৃতি দিলেও কে বা কারা হত্যা করলো, কেন করলো, কারাই বা এর পিছনে রয়েছে তার কিছুই এখনো পর্যন্ত জানাতে পারেনি পুলিশ। আদৌ এই হত্যাকাণ্ডের কোন বিচার হবে কিনা এ নিয়ে আশংকা এবং হতাশা বিরাজ করছে পরিবার, সহপাঠী ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। এ মামলার তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

লিপুর বাবা বদরউদ্দীন বলেন, “এক বছর আগে ফোন দিয়েছিলাম এক পুলিশকে। তিনি বললেন, আমার কাছে এ মামলা নাই। তারপরে আর কোনো খোঁজ নেইনি। এখন বিচার পাইতে হলে টাকা লাগে। আমারতো টাকা নাই তাই আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি। তিনিই এর বিচার করবেন। আমার ছেলের নামে কোনো খারাপ রির্পোট ছিলো না। আমি তো আর কিছু জানতে চাইনি। আমি শুধু জানতে চেয়েছি, তারা আমার বাবারে কেনো মারলো?”

জানা যায়, প্রথমে লিপু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পান রাজশাহী নগরীর মতিহার থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অশোক চৌহান। মামলার দায়িত্ব নেওয়ার পর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে, অল্পদিনের মধ্যে দোষীদের শনাক্ত করা যাবে। এর মধ্যে ওই বছরের ডিসেম্বরে অশোক চৌহান বদলি হয়ে অন্যত্র চলে গেলে মামলার দায়িত্ব পান মতিহার থানার নতুন ওসি (তদন্ত) মাহবুব আলম। তিনি দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই ২০১৭ সালের ২০ জানুয়ারি মামলাটি সিআইডির কাছে হস্তান্তরের আদেশ আসে।

সিআইডিতে মামলাটির দায়িত্ব পান রাজশাহী সিআইডি পুলিশের পরিদর্শক আসমাউল হক। তিনি পৌনে দুই বছর ধরে এই মামলার তদন্ত করলেও মামলাটি সম্পর্কে কোন অগ্রগতি জানাতে পারেননি। গত বছরের এইদিনে তিনি বলেছিলেন, ‘লিপু হত্যার তদন্তে এখানো কোন অগ্রগতি নেই। আসামি সনাক্তে কোন ক্লু পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি। একটু সময় লাগবে।’

তবে দুই বছরের মাথায় তিনি বলেন, “আমি তো ওখান থেকে বদলি হয়েছি। এ সংক্রান্ত আমার কোনো বক্তব্য নেই। এখন যে নতুন দায়িত্বে আছেন, তার সঙ্গে যোগাযোগ করেন। আমি তো ওই দায়িত্ব দিয়ে চলে আসছি। আমি সেটা সিআইডি অফিসে দিয়ে এসেছি।”

এক সপ্তাহ আগে লিপু হত্যা মামলার তদন্তের দায়িত্ব পাওয়া আজিজুর রহমান (ইন্সপেক্টর) বলেন, “আমি সপ্তাহখানেক হলো এ মামলার দায়িত্ব পেয়েছি। এখনো কিছু বুঝে উঠতে পারিনি। তবে মামলার তদন্ত চলছে।”

এদিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের মন ভার হয়ে আছে। দুই বছর পার হয়ে গেল! এখানে যারা দাঁড়িয়েছি তারা লিপুর সহপাঠী। তারা দেখেছে হলে লিপুর লাশ পড়ে আছে, লাশের গায়ে ক্ষত চিহ্ন আছে। যখন লাশে ক্ষত চিহ্ন থাকে তখন এটা কিলিং। এটা কোন সুইসাইডাল এ্যাটেম্পট না, এটা মার্ডার। যখন জানি এটা মার্ডার তার তদন্তে কেন দুই বছর লাগবে? এটা বড় প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্ন অনেক, অনেক ছাত্র-শিক্ষক মারা গেছে কিন্তু তার বিচার হয় নি। এই বিচারহীনতার সংস্কৃতি আর কতদিন? আমাদেরকে কেন এই চর্চা চালিয়ে যেতে হবে’?

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে লিপু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।  মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

লিপুর সহপাঠী হুসাইন মিঠু বলেন, ‘এই মামলার তদন্তে আমরা পুলিশের অনীহা লক্ষ করেছি। পুলিশ চাইলে দ্রুত সময়ের মধ্যেই এর প্রতিবেদন দিতে পারতো। পরবর্তীতে সিআইডিতে মামলাটি গেলে তারাও পুলিশের মতোই এ মামলাটি নিয়ে অবহেলা করেছে। তারা আমাদেরকে হতাশ করেছে গত দুই বছর ধরে। ’

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর মরদেহ উদ্ধার করা হয়। লিপুকে হত্যা করা হয়েছিল বলে ওই সময় পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়। ওইদিন বিকালে লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950