ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগ ও ওয়াশিংটন ভিত্তিক ওয়েস্ট টেকনোলজিস এলএলসি কোম্পানীর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের পক্ষে সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল এবং ওয়েস্ট টেকনোলজিস এর পক্ষে প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী ড. মঈনুদ্দিন সরকার বাদল চুক্তিপত্রে সাক্ষর করেন।
চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও ভবিষ্যতে গবেষণাগার এবং বর্জ্য শোধনাগার তৈরিতে সহায়তা প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়।
এ বিষয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল জানান, ‘এই চুক্তির মাধ্যমে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য থেকে কিভাবে তেল ও অন্যান্য প্রয়োজনীয় উপাদন তৈরি করা যায় এ বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণা করা হবে। ’
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দিন, ড. মঈনুদ্দিন সরকার বাদলের স্ত্রী ড. আনজুমান সেলিসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।