বাংলাদেশ পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াডের রাজশাহী বিভাগীয় অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। । সোমবার সকাল সাড়ে ৯ টায় অলিম্পিয়াডের উদ্বোধন করেন রাবি বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. খলিলুর রহমান। উদ্বোধন শেষে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
আয়োজক সূত্রে জানা যায়, অলিম্পিয়াড কর্মসূচীর মধ্যে ছিল পরীক্ষা, আলোচনা অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শণী। অলিম্পিয়াডে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার ৬ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামস বিন তারেকের সভাপতিত্বে উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাক ড. খলিলুর রহমান, দ্বিতীয় সেশনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক।
এছাড়া অন্যান্যের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, গণিত বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. সুব্রত মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুরে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।