দেশের সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে মঙ্গলবার দুপুর বারটা থেকে। আবেদনের শেষ সময় আগামী ২৭ অক্টেবর রাত বারটা পর্যন্ত।
রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত ডেন্টাল কলেজর ভর্তি পরীক্ষার আবেদন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে ভর্তি পরীক্ষা নেয়া হবে।
প্রিপেইড টেলিটক মোবাইলে পরীক্ষা ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। ইংরেজি ২০১৫ ও ২০১৬ এবং ২০১৭ ও ২০১৮ সালে এসএসসি বা সমমান উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যাসহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করা যোগ্য হবেন। ইংরেজি ২০১৫ সালের আগে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
এ বছর ভর্তি পরীক্ষায় রাজধানীর ঢাকার তিনটি কেন্দ্র ঢাকা ডেন্টাল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে। গত বছর পর্যন্ত ঢাকার বাইরে পরীক্ষা কেন্দ্র থাকলেও এ বছর ঢাকার বাইরে কোনো কেন্দ্র রাখা হয়নি।
বিডিএস ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য অধিদফতরের www.dghs.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।