ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষকদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে রোববার সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপক ড. আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও অধ্যাপক ড. মাখলুকুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খাতিব ড. আ স ম শোয়াইব আহমেদ।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি বাগান। একজন শিক্ষক যদি অকালে মারা যায় তাহলে আমাদের এই বাগান থেকে একটি ফুল ঝরে যায়।’এসময় তিনি প্রয়াত শিক্ষকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং সাধ্যমতো পরিবারগুলোকে সবধরনের সাহায্য সহযোগীতার আশ্বাস দেন।
স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. তোজাম্মেল হক, মরহুম অধ্যাপক ড. আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর এর জামাতা ড. হাবিবউল্লাহ খন্দকার, মরহুম অধ্যাপক ড. মাখলুকুর রহমান এর ছেলে দায়রা জজ পারভেজ শাহরিয়ার, মরহুম অধ্যাপক ড. আবুল কালাম এর স্ত্রী শামিম আরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।