© টিডিসি ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে( কুবি) সমাবর্তনের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যারা। এ সময় আগামী বছরের প্রথম অথবা শেষ নাগাদ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। সোমবার (৮ অক্টোবর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন।
এ সময় উপাচার্য বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বয়স এক যুগ পার হয়ে গেলেও আজও প্রায় অনেক কিছুই নেই। আমি আসার পর থেকে চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়কে কিভাবে সমৃদ্ধ করা যায়। আর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন খুবই জরুরি। আগামী বছরের ফেব্রুয়ারিতে সমাবর্তন আয়োজনের পরিকল্পনা রয়েছে।'
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট কাজী ওমর সিদ্দিকী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক ভুঁইয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক অাল-অামীন অর্নব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০০৭ সালে একাডেমিক যাত্রা শুরু করে এক যুগেরও বেশি সময় পার করেছে। বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আটটি ব্যাচ স্নাতক এবং ছয়টি ব্যাচ স্নাতকোত্তর শেষ করেছে। কিন্তু আজও দেখা মেলেনি সমাবর্তনের। তাই দিন দিন শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। সমাবর্তনের বিষয়ে উপাচার্যের এ উদ্যোগ শিক্ষার্থীদের কিছুটা হলেও আশার দিক দেখাবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।