ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গঠনের ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিএনসিসি’র সদস্যদের এক একজন দক্ষ অভিযাত্রী হতে হবে।’
গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘একজন মানুষকে পুর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে উঠবার জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরসীম। মানুষের মধ্যে যদি পরোপকারের মানসিকতা ও নেতৃত্বের গুনাবলী না থাকে তাহলে সেই ব্যক্তি পুর্ণাঙ্গ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না।’
এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনসিসি’র সদস্যরা সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে সুশৃঙ্খলা, সময়ানুবর্তিতা, ন্যায়পরায়ণতা ও দেশপ্রেমের মাধ্যমে দেশ ও জাতি গঠনে সামরিক শক্তির পাশাপাশি সহায়ক শক্তি হিসাবে দেশ ও জাতি গঠনে কাজ করে যাবে।’
উপাচার্য বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মেধা মননে থাকবে মহান মুক্তিযুদ্ধের চেতনা আর আর্দশে থাকবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাতে করে তোমাদের হাত দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ২৪ ব্যাটালিয়ান অধিনায়ক অধ্যাপক ড. এম শাহিনুুর রহমান (বিটিএফও), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইমরান আজাদ।
সপ্তাহব্যাপী প্রশিক্ষণের শেষদিনে সন্ধ্যায় তারুন্যের উচ্ছ¡াস নামে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, দেশত্ববোধক গান, কবিতা, উপস্থিত বক্তব্য, নৃত্য ও আধুনিক গান পরিবেশন করেন বিএনসিসি’র ক্যাডেটরা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুন্দরবন রেজিমেন্ট ও খুলনার আওতাধীন বিএনসিসি’র ২৪ ব্যাটালিয়ন এর এ্যাডজুটেন্ট ও প্রশিক্ষক মেজর নাজমুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, বিএনসিসি’র প্রধান সমন্বয়কারী কর্মকর্তা অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ বিএনসিসি’র অফিসার, পিইউও, টিইউও, সামরিক ও বেসামরিক প্রশিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবারের প্রশিক্ষণ কর্মশালায় বিএনসিসি’র ২৪ ব্যাটালিয়নের আওতাধীন কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার ১৮ টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৭০ জন (পুরুষ ও মহিলা) ক্যাডেটবৃন্দ অংশগ্রহণ করেন।