জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনার ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে র্যাগ দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নোমান ও জোবায়ের আল মাহমুদ নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়। রবিবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ও ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘঠে।
জানা যায়, গতকাল শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা থেকে আগত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী এক পরীক্ষার্থীকে র্যাগ দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে আজ রবিবার দুপুর সাড়ে বারোটায় সমাজকর্ম বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামের অনুসারী নোমানকে সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রাসেলের কর্মীরা মারধর করে। মারামারির এক পর্যায় নোমানের মাথা ফেটে যায়। পরবর্তীতে দুপুর একটায় সভাপতি গ্রুপের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী জোবায়ের আল মাহমুদকে মারধর করে। এসময় উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয় অবস্থিত শহীদ মিনার ভাঙচুর করে জবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, গতকাল ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে র্যাগ দেয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আবার সেটা মিমাংসা হয়ে গেছে।
মারামারির ঘটনার বিষয়ে জবির সহকারী প্রক্টর মোস্তফা কামাল বলেন, নোমান নামের এক শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য করলে কাউকে ছাড় দেয়া হবেনা।
বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনার ভাঙচুর করার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সব কিছুই বিশ্ববিদ্যালয়ের সম্পদ। আর বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করলে তারা কখনই ছাড় পাবে না। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।