শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাখছেন শিক্ষামন্ত্রী © সংগৃহীত
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকরা দক্ষ ও যোগ্য না হলে শিক্ষার উন্নতি হবে না। আমাদের দক্ষ ও যোগ্য শিক্ষকের অভাব রয়েছে। শুক্রবার রাজধানীর আর্মি গলফ গার্ডেন অডিটোরিয়ামে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের উপযুক্ত করে তোলার জন্য কারিগরি শিক্ষার ক্ষেত্রে যে গুরুত্ব দেওয়া হয়েছে, তা অন্য কোনও সেক্টরে দেওয়া হয়নি। শিক্ষকদের মানোন্নয়নে ৪২১ জন শিক্ষককে সিঙ্গাপুরে নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউটে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আরও ১১৫০ জনকে ধাপে ধাপে প্রশিক্ষণ নিচ্ছেন। চীনের গুয়াংজুতে ৫৮১ জন শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন। এত বিপুল সংখ্যক শিক্ষককে একসঙ্গে আর কোনও সেক্টরে বিদেশে প্রশিক্ষণ দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘যোগ্য ও দক্ষ শিক্ষকই পারে যোগ্য ও দক্ষ শিক্ষার্থী তৈরি করতে। এজন্য শিক্ষকদেরকেও আমরা সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠিয়ে ট্রেনিং দিচ্ছি। তারা যেন আরও দক্ষ ও যোগ্যতাসম্পন্ন হয়। নতুন প্রজন্মকে আধুনিক ধারায় এনে দেশ ও দশের এগিয়ে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে শুধু দক্ষ ও যোগ্য হলেই চলবে না উন্নত মানুষও হতে হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশ থেকে বড় বড় সার্টিফিকেট নিয়ে বিদেশে গেলেও তারা আসলে ভালো অবস্থানে নেই। যারা কারিগরি শিক্ষা নিয়ে বিদেশ যাচ্ছেন তারাই নিজেকে প্রতিষ্ঠিত করে তুলছে। এজন্যই কারিগরি শিক্ষাকে আমরা অধিক গুরুত্ব দিচ্ছি। বর্তমানে মোট শিক্ষার্থীর মাত্র ১৪ শতাংশ কারিগরি মাধ্যমে পড়াশোনা করছে। এতে আমরা সন্তুষ্ট নই। এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
পুরুষের সঙ্গে নারীদেরকেও কারিগরি শিক্ষায় এগিয়ে নিতে সরকার উদ্যাগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রতিটি জেলায় নারীদের জন্য স্পেশাল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন শুরু হয়েছে। এরই মধ্যে চারটি হয়ে গেছে। বাকিগুলোও পর্যায়ক্রমে হবে। কারিগরিতে শুধু পুরুষ নয়, নারীরাও অনেক এগিয়ে গিয়েছে। পুরুষের পাশাপাশি নারীদেরও আমার দেশের বাইরে শিক্ষা বৃত্তি দিয়ে পাঠাচ্ছি।’
শিক্ষা দিবসে দেশের শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার শিক্ষা উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। তবে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। কারণ বাস্তবমুখী শিক্ষা ছাড়া এগিয়ে যাওয়া কঠিন।’
অনুষ্ঠানের শুরুতে ৫ জন শিক্ষককে শিক্ষায় কৃতিত্বের সঙ্গে অবদান রাখায় সম্মাননা দেওয়া হয়। তারা হলেন, অধ্যক্ষ হরেন্দ্রনাথ নাথ, বরুন কুমার দত্ত, অধ্যাপক ড. ফিরোজা সুলতানা, শামছ উদ্দীন আহমদ মাস্টার, ডা. মির্জা মনজুরুল হক।
বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা। আরও বক্তব্য রাখেন কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, টেকনিক্যাল এডুকেশন কনসোটিয়াম অব বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ প্রমুখ।