জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল ও আল বেরুনী হল ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দশ ছাত্রলীগ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ও সাতদিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাবি শাখা ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সাময়িক বহিষ্কারের সুপারিশ প্রাপ্ত দশ নেতাকর্মী হলেন- মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ মিত্র, ছাত্রলীগ কর্মী রবিউল ইসলাম, অনিক কুমার সাহা, জুনায়েদ, আমিরুল ইসলাম সুজন, আবু সাঈদ। এছাড়া আল বেরুনী হলের ছাত্রলীগ কর্মী আশিক শেখ, সোহেল রানা, সুজন মাহমুদ এবং শাখা ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, মীর মশাররফ হোসেন হল ও আল বেরুনী হলের সংঘর্ষের সাথে ছাত্রলীগের কোন সংশ্লিষ্টতা নেই। তবুও ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ ঘটনায় জড়িয়ে পড়ে। অনাকাঙ্খিত ঘটনার সাথে জড়িতদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং সংগঠন থেকে এক মাসের জন্য সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এসময় তারা সংগঠনের কার্যক্রমে অংশ নিতে পারবে না।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে মীর মশাররফ হোসেন হল ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ৪ জন ছাত্র বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকায় উচ্চস্বরে গান গাচ্ছিল। এসময় পাশ দিয়ে এক ছাত্রী যাওয়ার সময় এটাকে ইভটিজিং ‘ভেবে’ আল বেরুনী হলের ৪৬ ব্যাচের এক ছাত্রকে জানায়। পরে আল বেরুনী হলের ১০-১৫ জন ছাত্র মীর মশাররফ হোসেন হলের ছাত্রকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতে মীর মশাররফ হোসেন হল ও আল বেরুনী হলের ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাধারণ ছাত্রসহ অর্ধশতাধিক আহত হয়।