জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভর্তি পরীক্ষার সময়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.ফেরদৌসী খাতুনের পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র নিয়ে পরীক্ষাকক্ষ থেকে বের হওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে তাকে পরবর্তী ভর্তি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি ও উক্ত ঘটনার জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, শনিবার ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ইউনিট-১ (বিজ্ঞান শাখা) এর ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের বাংলা বিভাগের ৩৩৩ নম্বর কক্ষে দায়িত্বরত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক ড.ফেরদৌসী খাতুন। তিনি পরীক্ষার শুরুর ২০ মিনিটের মধ্যে ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র তার ব্যাগে নিয়ে দায়িত্বরত অন্যান্য শিক্ষকদের না জানিয়ে পরীক্ষার হল থেকে ভবনের তিন তলা থেকে দ্বিতীয় তলার দিকে আসতে থাকেন।
এ সময় পরীক্ষা কক্ষে দায়িত্বরত অন্যান্য শিক্ষকরা বিষয়টি দেখতে পেয়ে তার গতিরোধ করেন। আর ব্যাগে প্রশ্ন ও উত্তরপত্র নেওয়ার কারণ জানতে চান। পরীক্ষা শেষে দায়িত্বরত অন্যান্য শিক্ষকরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত ভাবে জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিষ্টার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে পরীক্ষা চলাকালীন পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র নিয়ে কক্ষ থেকে বের হওয়ার লিখিত অভিযোগ করা হয়েছে। তাই তাকে পরবর্তী ভর্তি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনার কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.ফেরদৌসী খাতুন কিছু বলতে রাজি না হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যোগাযোগ করতে বলেন। আর কারণ দর্শানোর নোটিশ দেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।