আবাসিক হলের সিট দখল, ক্যান্টিনে চাঁদাবাজি- ছাত্রলীগের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ দীর্ঘদিনের। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের ওয়াইফাই রাউটারের নিয়ন্ত্রণে নেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
জানা যায়, শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির সেবা দিতে রাবির হলগুলোতে চালু করা হয়েছে বিনামূল্যের ওয়াইফাই সেবা। কয়েকটি হলে চালুকৃত তারবিহীন এ ইন্টারনেট সংযোগের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রলীগ। ওয়াফাই রাউটারের নামকরণ করা হয়েছে ছাত্রলীগের নামে। এমনকি পাসওয়ার্ডও থাকছে তাদের নিয়ন্ত্রণে। ফলে তথ্য প্রযুক্তির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
অনুসন্ধানে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলে ওয়াইফাই রাউটারের নিয়ন্ত্রণ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। কোথাও ছাত্রলীগের দলীয় নাম আর কোথাও নেতাদের ব্যক্তি নামে নিয়ন্ত্রিত হচ্ছে রাউটারগুলো। শহীদ জিয়াউর রহমান হলে ‘Bsl-Pc’ ও ‘zia hall bsl’ নাম দিয়ে ২ টি রাউটারের নামকরণ করা হয়েছে। এছাড়া নাম না দিয়ে পাসওয়ার্ডের মাধ্যমে ছাত্রলীগ। আরও ৪টি রাউটার নিয়ন্ত্রণে রেখেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
মাদার বখশ হলের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্কের নামে (কুমার অর্ক বিএসএল আর ইউ) দিয়ে রাউটার নিয়ন্ত্রণ করা হয়। নাম না দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে আরও ৩ টি রাউটার। শিক্ষার্থীদের অভিযোগ এই হলে নেট রুমে গিয়েও ওয়াইফাই সংযোগ পাওয়া যায় না।
শহীদ শামসুজ্জোহা হলে ‘জ্জোহা হল বিএসএল’ নামে একটি রাউটার নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বরজাহান আলীর নামেও ওয়াইফাই রাউটার ছিল বলে জানান শিক্ষার্থীরা।
হলে হলে এমনভাবে রাউটার নিয়ন্ত্রণ করা হলেও সম্প্রতি রুমে রাউটার থেকে সংযোগ নেওয়ায় এক শিক্ষার্থীর রুম ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতারা।
আবাসিক শিক্ষার্থী বাবু ইসলাম অভিযোগ করেন, প্রায় এক বছর কয়েকটি রাউটার নষ্ট। অধিকাংশ রাউটার লক করা থাকে। ছাত্রলীগ কিছু পাসওয়ার্ড দিয়ে রেখেছে যেগুলো অন্য কারও ব্যবহারের সুযোগ নেই।
জানতে চাইলে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম বখসি বলেন, ‘এরকম কিছু এখনো পর্যন্ত আমার জানা নেই। আমি খোজ নিয়ে ব্যবস্থা নিব। ’