চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিবির সন্দেহে ফয়েজুর রহমান সিয়াম নামে এক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সিয়ামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম নামে ওই শিক্ষার্থীকে শিবির সন্দেহে জিজ্ঞাসাবাদ করে ছাত্রলীগ কর্মীরা। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে বেধড়ক মারধর করা হয়৷ পরে আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করা হলে তাকে মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়।
ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগের ব্যাপারে ফয়েজুর রহমান সিয়াম বলেন, ‘মারধরে অংশ নেয়া ছাত্রলীগকর্মী মিলন হাওলাদার আমার ব্যাচমেট এবং সে আমার এক বান্ধবীকে পছন্দ করতো। কিন্তু মেয়েটা তাকে পছন্দ করে না। আর মেয়েটি আমার সাথে চলাফেরা করার কারণে দুইবার মিলন আমাকে মারধর করেছে। প্রথমবার পরোক্ষভাবে অন্যদেরকে দিয়ে মারধর করে। পরে সে আমাকে সরাসরি শিবির বলে মারধর করার হুমকিও দিয়েছিল।
সিয়াম বলেন, ‘মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে ছাত্রলীগের জুনিয়র কর্মীদের দিয়ে আমার মোবাইল চেক করতে চাইলো। আমি ব্যক্তিগত প্রাইভেসির জন্য মোবাইল ওদের হাতে না দিলে আমাকে বেশ কয়েকজন দিয়ে সেখানেই বেধড়ক পেটানো হয়।’
তিনি বলেন, ‘আমি প্রক্টর স্যারের কাছে মারধরের বিষয়ে প্রাথমিকভাবে মৌখিক অভিযোগ দিয়েছি। পরবর্তীতে লিখিত অভিযোগও দিবো। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এই ধরনের রাজনৈতিক দোহাই দিয়ে শিক্ষার্থীদের যখন তখন মারধরের সুষ্ঠু বিচার চাই ।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সিয়াম নামের ছেলেটি ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। তার মোবাইলে বেশ কিছু তথ্য ছিলো। জুনিয়র কর্মীরা সেগুলো দেখতে চাইলে সে তা ডিলেট করে দৌড় দেয়। পরে তাকে ছাত্রলীগ কর্মীরা মারধর করলে এক পর্যায়ে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় তার সাথে থাকা আরো দুইজন পালিয়ে যায় বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সবুর বলেন, ছাত্রলীগ নেতাকর্মীরা এক শিক্ষার্থীকে আহত অবস্থায় আমাদের কাছে নিয়ে আসে। পরে তাকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠানো হয়৷ তবে তাকে আটক বা পুলিশি হেফাজতে রাখা হয়নি বলেও জানান তিনি।