ঢাকা মেট্রোপলিটন পুলিশর (ডিএমপির ) শিক্ষাবৃত্তি তহবিলে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড (ডিবিবিএল)। ডিএমপি পরিবারের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণ ও শিক্ষা সহায়তা হিসেবে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সোমবার বেলা ১১টায় ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম এর নিকট ৫০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড এর ম্যানেজিং ডিরেক্টর আবুল কাসেম মো. শিরিন।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘শিক্ষা সমাজের একটি বড় অংশ। ডিএমপির অধিকাংশ সদস্যের সন্তানেরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। কেউ কেউ আবার উচ্চ শিক্ষা নিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। তাদের সীমিত বেতন দিয়ে পরিবারের খরচ চালিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ যোগানো অনেক কঠিন হয়ে পড়ে। আমরা চাই না টাকার অভাবে আমাদের কোন সন্তান লেখাপড়া করা থেকে বাদ যাক। সে কথা ভেবে আমরা ডিএমপিতে শিক্ষাবৃত্তি চালু করেছি। প্রথমে আমাদের নিজস্ব ফান্ড থেকে এই তহবিল গঠন করা হলেও এখন এখানে সামাজিকভাবে দায়বদ্ধ থেকে অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান সহযোগিতা করছেন। সেই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
ডিএমপি কমিশনার বলেন, এই শিক্ষাবৃত্তি আমাদের পুলিশ সদস্যদের সন্তানদের লেখাপড়ার সহায়তা করছে। এ সময় ডাচ-বাংলা ব্যাংক লিমিটিডের এই সহযোগিতার জন্য পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কমিশনার।
ডিবিবিএল এর এমডি বলেন, সমাজের কল্যাণে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড সবসময় কল্যাণমূলক কাজ করে থাকে। এই কাজের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য আমাদের সবার উপরে অবস্থান করছে। ডিএমপির শিক্ষাবৃত্তিতে টাকা অনুদান দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তহবিল হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপি ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।