‘আজ থেকে দশ বছর আগে বাংলাদেশে বিদ্যুৎ ছিলো তিন হাজার মেগাওয়াট কিন্তু আজ বাংলাদেশে বিদ্যুৎ বিশ হাজার মেগাওয়াট। এখন আর হারিকেন জ্বালিয়ে কাউকে পড়তে হয়না। সবার ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ’। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর ৭২ তম জন্মদিন পালন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মশিউর রহমান একথা বলেন।
শুক্রবার সকাল ১০ টায় গণিত বিভাগের শ্রেণীকক্ষে আলোচনা সভা এবং কেক কেটে এ জন্মদিন পালন করা হয়। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে মশিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা উপস্থিত সবার মাঝে তুলে ধরেন। তিনি বলেন, ‘এখন মোবাইল ফোনসহ ইলেক্ট্রিক্যাল জিনিসপত্রের ব্যাপক ব্যবহার। বিশ্ব সম্পর্কে জানতে সকলের হাতের মুঠোয় এখন ইন্টারনেট। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সার্বিক বিষয় তুলে ধরে তার সুস্থতা কামনা করে উপস্থিত সকলের কাছে এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান খানসহ বঙ্গবন্ধু পরিষদের সদস্য লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ছদরুল ইসলাম সরকার, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাম প্রসাদ বর্মণ। এ সময় ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক সমাপনী বক্তব্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। আলোচনা শেষে জন্মদিনের কেক কাটা হয়। আলোচনা সভায় গণিত বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীসহ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শিক্ষকদের সংগঠন প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। পবিত্র জুম্মার নামাজ শেষে প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব রকিব উদ্দিন আহাম্মেদ।