সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শিক্ষক মাইদুল ইসলামের পক্ষে ঢাবি, রাবি,জাবি ও জবি'র ৫০ শিক্ষকের দেয়া বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(চবিসাস) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান তারা।
সংবাদ সম্মেলনে চবি শাখা ছাত্রলীগের সাবেক সদস্য মো. ইফতেখার উদ্দিন আয়াজ স্বাক্ষরিত লিখিত বক্তব্য পেশ করেন শাখা ছাত্রলীগের সাবেক উপ সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ। মিথ্যাচার ও সত্য গোপনের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন দেয়াকে অন্যায় হিসেবে গণ্য করে শাস্তিস্বরূপ চবি শিক্ষক মাইদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। অথচ আমরা আন্দোলনে সমর্থন দেওয়া বা না দেওয়ার বিষয়ে মামলা দায়ের করিনি। মামলার এজাহারেও এমনকিছু উল্লেখ নেই।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের মাত্র চার বছর পরেই বাঙালীর জন্য জীবন যৌবন দেওয়া বঙ্গবন্ধুসহ তার সপরিবারকে হত্যা করেছিলো কিছু বেঈমান। সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদানেই আজ দেশ উন্নয়নের রোল মডেল।
অথচ শিক্ষকরূপী কিছু অকৃতজ্ঞ ব্যক্তি জননেত্রী শেখ হাসিনাকে খাটো করতে উঠে পড়ে লেগেছে। সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম ফেইসবুকে অকথ্য ভাষায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করে একাধিকবার স্ট্যাটাস দিয়েছে । তাই তার বিরুদ্ধে হাটহাজারী থানায় তথ্য -প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেছি আমরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার, সাবেক সহ সম্পাদক মো. পারভেজ, ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম , জাগ্রত ৭১ এর সহ সভাপতি নিয়াজ আবদিন পাঠান।
উল্লেখ্য,গত ২৩ সেপ্টেম্বর জামিন নামঞ্জুর করে মাইদুল ইসলাম কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এর পরপরই মাইদুল ইসলামকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়।