চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠায় সাময়িকভাবে দুজনকেই বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ২ ঘন্টার ব্যবধানেই নাটকীয়ভাবে এ আদেশ প্রত্যাহার করে নেয় চবি প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. শামছুল আলম স্বাক্ষরিত একটি চিঠিও ইস্যু করা হয়েছিলো। এতে উল্লেখ করা হয়, পরীক্ষার কাজে অনিয়মের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রদত্ত প্রতিবেদন ও ৫১৬ তম সিন্ডিকেট সভার ৮ নং সিদ্ধান্তে উপাচার্যের প্রদত্ত ক্ষমতাবলে সংস্কৃত বিভাগের দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। চবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খল) সংবিধির ১৫(বি) ধারানুসারে এই বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. সুপ্তিকণা মজুমদার ও সহকারী অধ্যাপক শিপক কৃষ্ণ দেব নাথের বরখাস্তের আদেশ ফিরিয়ে নিলে এ নিয়ে সৃষ্টি হয় ধুম্রজাল। শিক্ষকদের মধ্যেও দেখা দেয় নানামুখী আলাপন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহামেদ বলেন, দুই ঘন্টার মধ্যেই দুই শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ নাটকীয়ভাবে প্রত্যাহার করা হলেও প্রাথমিক তদন্তের রিপোর্টে অপরাধ খুব বেশি গুরুতর না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বিবেচনাধীন রেখেছেন। এবং বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছেন। পাশাপাশি পূর্ণ তদন্তের জন্যে আরো একটি কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপাচার্যে প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী অপরাধ বিবেচনায় তাদের বরখাস্থ প্রত্যাহার করা হয়েছে। তবে অধিকতর তদন্তেরর জন্য আরো একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিবে। এবং এর ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।