প্রতিকী ছবি © টিডিসি ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অ্যাকিউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে একই বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে। ঘটনাস্থলে গণপিটুনীর শিকার হয়ে দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার প্রক্টর বরাবর লিখিত অভিযোগে এ তথ্য জানান ওই ছাত্রী।
অভিযুক্ত ছাত্রের নাম জাহিদুল ইসলাম সজল। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪৩তম ব্যাচ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। বিভাগ সূত্রে জানা যায়, ক্লাসে অনিয়মিত ও পরপর দুইবার অকৃতকার্য হওয়ায় অধ্যাদেশ অনুযায়ী জাহিদুলের ছাত্রত্ব বাতিল হয়ে গিয়েছে। তবে উপাচার্য বরাবর তিনি ছাত্রত্ব বহাল রাখার আবেদন করেছেন। এখনো উপাচার্যের পক্ষ থেকে বিভাগকে কোন নির্দেশনা দেওয়া হয়নি।
জানা যায়, অভিযোগকারী ছাত্রী তার পরিবারের সাথে ইসলামনগরে একটি ভাড়া বাসায় থাকেন। বুধবার বেলা ১১টার দিকে ওই ছাত্রী বাসা থেকে রিকশা করে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। আল বেরুনী হলের কাছাকাছি এলে ওই ছাত্রীকে রিকশা থেকে নামতে বাধ্য করে জাহিদুল। এরপর জাহিদুলসহ তার সাথে থাকা তিন যুবক ছাত্রীকে জোর করে মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। এ সময় ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে তাকে উদ্ধার করে। এ সময় শিক্ষার্থীরা জাহিদুল ও গাড়ির ড্রাইভারকে গণপিটুনি দেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য গিয়ে জাহিদুলকে উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগ পত্র সূত্রে জানা যায়, প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর থেকেই ওই ছাত্রীকে জাহিদুল উত্যক্ত করে আসছিলো। জাহিদুলকে বিয়ে না করলে তাকে অপহরণ করার হুমকিও দেয়া হয়েছিলো। এর মধ্যে অভিভাবকদের মধ্যস্থতায় বিষয়টি একবার মীমাংসা হলেও গতকাল ছাত্রীকে অপহরণের চেষ্টা করে জাহিদুল।
জাহিদুল ইসলামের বাবা রহিম মৃধা বলেন, ‘মার খেয়ে জাহিদুল অজ্ঞান হয়ে গিয়েছিলো। বুধবার বিকেল পাঁচটার দিকে তার জ্ঞান ফেরে। সে ঠিকমতো কথা বলতে পারছে না। ডাক্তার বলেছে তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন।’
প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘জাহিদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগকারী ছাত্রী ও জাহিদুলের অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’