চবি ইসলামিক স্টাডিজ সমিতির সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান © টিডিসি ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করেছে ইসলামিক স্টাডিজ সমিতি। মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠানটি শুরু হয়ে দুপুর ২ টায় সমাপ্ত হয়।
বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন কলা ও মানববিদ্যা অনুষদে প্রথম স্থান অর্জন করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক লাভ করায় বিভাগের পক্ষ থেকে তাকে সংবর্ধিত করা হয় । এছাড়া বিভাগের মাসিক বক্তৃতা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগের শিক্ষকবৃন্দ। পাশাপাশি সদ্য গঠিত সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যদেরকে বরণ করে নেয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সদ্য গঠিত ইসলামিক স্টাডিজ সমিতির সভাপতি মু. আরিফুল ইসলাম বলেন, ‘এই সমিতি শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি প্লাটফর্ম। বিভাগের ছাত্র শিক্ষকদের মাঝে মিথস্ক্রিয়া তৈরিতে এটি খুব ভালো একটি উপায় হতে পারে। বিভাগের শিক্ষকগণের সহযোগিতায় আমরা শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে কাজ করি।’

উল্লেখ্য, ‘ইসলামিক স্টাডিজ সমিতি’ চবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের একটি সংগঠন। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, বিভাগে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, টুর্নামেন্ট পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম করে থাকে।
কলা ও মানববিদ্যা অনুষদের গ্যালারি-২ তে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার চৌধুরী। সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এনামুল হক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. হাফেজ বদরুদ্দোজা, জনাব মমতাজ উদ্দীন কাদেরী, ড. আ ন ম আবদুল মাবুদ, ড. নূরুল আমিন নূরী, জনাব মোহাম্মদ মুরশেদুল হক, ড. এনামুল হক মুজাদ্দেদী, জনাব মুহাম্মদ নছিম, ড. মুহাম্মদ মানজুরুর রহমান। এছাড়াও ইসলামিক স্টাডিজ সমিতির সভাপতি মু. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ আরিফ, সাংগঠনিক সম্পাদক মো. শাফায়েত হোসেনসহ সমিতির সদস্যরা।