গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণ—এ নিয়েই উচ্চশিক্ষা। আর বিষয়ানুগ গবেষণার ক্ষেত্রে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছে প্রত্যাশা সবচেয়ে বেশি। যদিও গত কয়েক বছর ধরেই গবেষণা খাতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অনুজ্জ্বল। গবেষণায় পিছিয়ে থাকার কারণ হিসেবে কম বরাদ্দ ও পর্যাপ্ত অবকাঠামো না থাকাকে দুষছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসির) পক্ষ থেকে বলা হচ্ছে বরাদ্দকৃত অর্থও খরচ করতে পাচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলো।
চলুন জেনে নেয়া যাক ২০১৮-১৯ অর্থ বছরে কোন বিশ্ববিদ্যালয় কত বরাদ্দ পেল—
ইউজিসির বাজেট শাখার তথ্য মতে, ২০১৮-১৯ অর্থ বছরে গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি চলতি অর্থবছরে গবেষণায় বরাদ্দ পেয়েছে ১৫ কোটি টাকা। এরমধ্যে গবেষণা প্রকল্প বাবদ ১৪ কোটি ও বিশেষ বরাদ্দ পেয়েছে ১ কোটি টাকা। গত অর্থবছরের বিশ্ববিদ্যালয়টির গবেষণা খাতে বরাদ্দ ছিল ১৪ কোটি টাকা। বছর শেষে হিসাব করে দেখা গেছে, খাতটিতে ব্যয় হয়েছে ৮ কোটি ৪২ টাকা। সে হিসাবে গবেষণা খাতে বরাদ্দকৃত অর্থের ৪০ শতাংশই ব্যয় করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, প্রতি বছরই গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। এটি আশাব্যঞ্জক দিক। শিক্ষক-শিক্ষার্থীরা বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করবে- এটাই প্রত্যাশা।
গবেষণা খাতে অর্থ বরাদ্দে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ২০১৮-১৯ অর্থবছরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির গবেষণা বরাদ্দের পরিমাণ ৭ কোটি টাকা। কৃষি, মৎস ও প্রাণিসম্পদ গবেষণায় বাকৃবির অবদান নতুন নয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) অধীনেই গত তিন দশকে এক হাজারের বেশি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়েছে। চলমান রয়েছে আরো আড়াইশর বেশি প্রকল্প।
গবেষণায় সর্বোচ্চ বরাদ্দের তালিকায় তৃতীয় অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। চলতি অর্থবছরে গবেষণা খাতে বিশ্ববিদ্যালয়টির বরাদ্দ ৪ কোটি ২৫ লাখ টাকা।
আর গবেষণা খাতে সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি পার্বত্য অঞ্চলের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়।
এর বাইরে সাধারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ কোটি ৭৫ লাখ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২ কোটি ১০ লাখ, ইসলামী বিশ্ববিদ্যালয় ৬৫ লাখ, খুলনা বিশ্ববিদ্যালয় ১ কোটি ৩৫ লাখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১ কোটি ২৫ লাখ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৪৫ লাখ, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৬৩ লাখ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৫০ লাখ ও বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে ৪০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।
চিকিত্সা বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ দেয়া হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা।
কৃষিবিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ১ কোটি ৭০ লাখ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৭০ লাখ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৭৫ লাখ ও চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় গবেষণায় বরাদ্দ পেয়েছে ৮৫ লাখ টাকা।
প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গবেষণায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২ কোটি ৭০ লাখ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ৯৫ লাখ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ৯৫ লাখ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ১ কোটি ১৫ লাখ ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ১ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।
আর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১ কোটি ৭০ লাখ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭৫ লাখ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৩ লাখ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬৫ লাখ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৩ লাখ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫০ লাখ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৩ লাখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৩ লাখ টাকা গবেষণা বরাদ্দ পেয়েছে।
এর বাইরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ৭০ লাখ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ ১ কোটি ৬৩ লাখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ৩৩ লাখ ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ২৫ লাখ টাকা গবেষণা বরাদ্দ পেয়েছে।
সার্বিক বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা প্রতি অর্থবছরেই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য গবেষণা খাতে অর্থ বরাদ্দ বাড়াচ্ছি। এর বাইরে ইউজিসির পক্ষ থেকেও গবেষণা ফেলোশিপ দেয়া হয়। তবে দুঃখজনক হলেও সত্য অনেক বিশ্ববিদ্যালয়ই গবেষণা খাতের অর্থ ব্যয় করতে পারে না।