কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। © সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্য প্রদানে অসহযোগীতার অভিযোগ উঠেছে। ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ এ সুনির্দিষ্টভাবে তথ্য প্রদানের বিষয়ে বলা হলেও কুবি কর্মকর্তারা এ আইন মানছেন না বলে অভিযোগ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা বিভিন্ন সময় উন্নয়ন কর্মকান্ডের মৌলিক তথ্য চাইলে তা প্রদানে অনীহা দেখান প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা ও কার্যালয়ের কর্মকতারা। তথ্য প্রকাশে কর্মকর্তাদের এমন অনীহা সংশ্লিষ্ট কাজে অস্বচ্ছতার ইঙ্গিত বলে মনে করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা জানান, ‘বিভিন্ন বিষয়ের তথ্য প্রাপ্তির জন্য আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ে যেতে হয়। কিন্তু সম্প্রতি কর্মকর্তারা মৌলিক তথ্য প্রদানে অসহযোগীতা করছেন।’ বিশ্ববিদ্যালয়ের একটি জাতীয় দৈনিকের সাংবাদিক অভিযোগ করে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারণ প্রকল্পের কিছু মৌলিক তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক ড. মো. শাহাবুদ্দীন এবং অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. নাছির উদ্দিনের কাছে গিয়েছিলাম। কিন্তু বিভিন্ন অজুহাতে তারা তথ্য প্রদানে অসহযোগীতা করেছেন। এ বিষয়ে গত ৯ ও ১০ সেপ্টেম্বর বারবার তাদের অনুরোধ করা হলেও তারা ‘দিচ্ছি’, ‘অনুমতি লাগবে’, ‘পরে আসেন’ ইত্যাদি বলে এড়িয়ে যান।’
এছাড়াও কোন তথ্যের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে বিভিন্ন সময় যোগাযোগ করা হলে উপাচার্য ও রেজিস্ট্রারের অনুমতি লাগবে এবং অনেক সময় সরাসরি অপারগতা প্রকাশ করে বলে অভিযোগ করেন অপর এক সাংবাদিক।
তথ্য প্রদানে এমন অনীহা অনিয়ম ধামাচাপা দেওয়ার জন্য হতে পারে বলে মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিক’র (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া সব তথ্য দিতেই বাধ্য তারা। তারা তথ্য না দিলে প্রতিবাদ করতে হবে এবং আইনের আশ্রয় নিতে হবে। এটা আইনী অধিকার।’ তথ্য প্রাপ্তিতে এমন অসহযোগতী পেলে তিনি ও তার সংগঠন সহযোগীতা করবে বলে জানান তিনি।
বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘তারা তথ্য দিবে না এমন স্বেচ্ছাচারিতা চলতে পারে না। এমন হলে মামলা করা যায়।’
সাংবাদিকদের তথ্য দেওয়ার বিষয়ে প্রতিবন্ধকতা তো নতুন নয় মন্তব্য করে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘নিজের স্বার্থে নয় সাংবাদিকরা জনগণের স্বার্থে কাজ করে থাকেন। তথ্য প্রাপ্তি হলো অধিকার।’
সাংবাদিকদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কতটুকু কাজ হচ্ছে, কি রড দিয়ে কাজ হচ্ছে প্রভৃতি অফিসিয়াল ডকুমেন্ট দেয়া যায় না।” বিশ্ববিদ্যালয়ের আইনে ‘এসব তথ্য দেয়া যাবে না’ এমন কথা উল্লেখ আছে কিনা তার জবাবে ড. তাহের বলেন, “এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইনে উল্লেখ থাকে না, এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকৌশল।”