লিখিত, ডেমো ক্লাস ও মৌখিক পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ

১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৭ PM

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে লিখিত, ডেমোস্ট্রেশন ক্লাস ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। উচ্চ শিক্ষায় শিক্ষক নিয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকায় সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন এই নীতিমালা করছে সরকার। বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এ নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। এতে শিক্ষামন্ত্রী, ইউজিসি চেয়ারম্যানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালার বিষয়ে আলোচনার জন্যই ওই কর্মশালার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হবে। এজন্য সবার মতামত নেয়া হয়েছে। এর ভিত্তিতে চূড়ান্ত নীতিমালা প্রণীত হবে। সব বিশ্ববিদ্যালয়ে একই নিয়মে নিয়োগ ও পদোন্নতি হবে। তিনি বলেন, অভিন্ন শিক্ষক নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়ন নীতিমালা চুড়ান্ত করা হবে। আলোচনার মাধ্যমে সকলের মতামত যাচাই ও তুলনা করা সম্ভব হয়েছে। উপাচার্যগণ অভিজ্ঞতার আলোকে মতামত দিয়েছেন। এর ভিত্তিতে এ বিষয়ে গঠিত কমিটি নীতিমালা চুড়ান্ত করবে। এ নীতিমালা বাস্তবায়িত হলে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আরো বৃদ্ধি পাবে এবং যোগ্যতম প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এ এস এম মাকসুদ কামাল এবং ইউজিসির সদস্য ড. মো. আখতার হোসেন বক্তব্য রাখেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন এবং এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা করতে অনেক দিনের সর্বোচ্চ চেষ্টার পর সেটি আলোর মুখ দেখতে যাচ্ছে। উচ্চ শিক্ষার মান বজায় রাখতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের একই মানে উন্নীতকরণের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েক উপাচার্য বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা ও নীতিমালার শর্ত পূরণ করলেই তাকে পদোন্নতি দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে বেতন-ভাতা বা সুযোগ-সুবিধার বিষয়টি মুখ্য নয়, মুখ্য হচ্ছে শিক্ষকদের সন্তানের জায়গাটা নিশ্চিত করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-অর-রশীদ বলেন, নীতিমালায় ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের প্রবেশপদে (প্রভাষক) পরীক্ষা নেয়া যেতে পারে’ কথাটি আছে। এটি বাতিল করে ‘বাধ্যতামূলক’ কথাটি সংযোজন করা প্রয়োজন। শিক্ষকদের জ্যেষ্ঠতার বিষয়টি স্পষ্ট করতে হবে। নতুবা এটি নিয়ে নতুন দ্বন্দ্ব সৃষ্টি হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা বলেন, বিজ্ঞান ও মানবিক সম্পূর্ণ আলাদা বিষয় হলেও নিয়োগের ক্ষেত্রে জিপিএ-৩ দশমিক ৫ চাওয়া হয়েছে। এটি সংশোধনের আহ্বান জানিয়ে তিনি যোগ্য শিক্ষক নিয়োগে পরীক্ষা পদ্ধতি চালুর দাবি জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি আবদুস সোবহান বলেন, অভিন্ন নিয়োগ নীতিমালা বাস্তবায়ন করলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে জিপিএ-৯ করা প্রয়োজন। তবেই ভালো শিক্ষক পাওয়া যাবে। তবে নিয়োগের ক্ষেত্রে এসএসসি-এইচএসসি সার্টিফিকেট মূল্যায়ন না করে অনার্স-মাস্টার্স সাটিফিকেট মূল্যায়ন করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ে ১০ বছরে অধ্যাপক হয়ে গেছেন, অনেকে আবার একটি প্রকাশনা দিয়ে বারবার পদোন্নতি পেয়েছেন এমন ঘটনাও রয়েছে। তাই শিক্ষকদের কোয়ালিটি নিশ্চিত করতে হলে দ্রুত অভিন্ন নীতিমালা বাস্তবায়নের দাবি জানান তিনি।

ডিজিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক মুনাজ আহমেদ নূর বলেন, শিক্ষক নিয়োগে যোগ্যতা মার্স্টাস সমমান করা হলে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাকতায় না এসে বিদেশে চলে যাবে। এ কারণে সেটি অনার্স পাস করা প্রয়োজন। পাশাপাশি ইংলিশ মিডিয়াম থেকে ‘এ’ এবং ‘ও’ লেভেল করা শিক্ষার্থীদের নিয়োগের ক্ষেত্রে কী হবে, তা অভিন্ন নীতিমালায় উল্লেখ করার সুপারিশ জানান।

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপগ্রেডেশন বিষয়ে কোনো তারতম্য রাখা যাবে না। যোগ্যতার ভিত্তিতে তাদের গ্রেড বা পদমর্যাদা প্রদান করতে হবে। তিনি বলেন, আমরা বেতন-ভাতা বাড়াতে দাবি করছি না, আমাদের সম্মানের স্থানটি নিশ্চিত করতে হবে। এতে করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিশ্চিত করা সম্ভব হবে। ২০২০ সাল থেকে অভিন্ন শিক্ষক নিয়োগ-পদোন্নতি কার্যকর করার আহ্বান জানান তিনি।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোনায়েম বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাস্টার্স সমমান পাঁচ বছরের কোর্স সম্পর্ণ করার কথা বলা হলেও কৃষি বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৫ থেকে ৬ বছর মেয়াদে মাস্টার্স কোর্স করা হয়। তাই কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিষয়টি সংশোধন করা প্রয়োজন।

এদিকে আলোচনায় অংশ নেয়া ভিসিদের কেউ কেউ অভিন্ন নিয়োগ নীতিমালার সমালোচনা করেছেন। তারা বলেন, এটি বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তার স্থানটি হারিয়ে যাবে। নিয়োগের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা সৃষ্টি হবে। জেলা পর্যায়ে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো মানের শিক্ষক নিয়োগ দিতে জটিলতা সৃষ্টি হবে। অভিন্ন নিয়োগ নীতিমালার কারণে উচ্চশিক্ষাকে একটি স্থানে আবদ্ধ হয়ে পড়বে। যেখানে শিক্ষার্থী ভর্তি অভিন্ন পদ্ধতিতে করা সম্ভব হয়নি, সেখানে অভিন্ন শিক্ষক নিয়োগ বাস্তবায়নে নতুন সমস্যা সৃষ্টি হবে বলে তারা মন্তব্য করেন।

জানা যায়, শিক্ষক নিয়োগের অভিন্ন নীতিমালায় বলা হয়েছে, থিসিসসহ বিশ্ববিদ্যলয় পর্যায়ে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদোন্নতি পদে ন্যূনতম ১০ বছরসহ মোট ২২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আর এমফিল প্রার্থীর ক্ষেত্রে ৭ বছরসহ মোট ১৭ বছর বিশ্ববিদ্যালয়ে সক্রিয় থাকতে হবে। পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট ন্যূনতম ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী থেকে সহযোগী অধ্যাপক পদোন্নতিতে একজন শিক্ষককের কমপক্ষে ৭ বছরের ক্লাসরুম শিক্ষকতাসহ ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। থিসিসসহ এমফিল প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম ৬ বছরসহ মোট ৯ বছরের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। আর পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম ৪ বছর মোট ন্যূনতম ৭ বছরের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। সব প্রার্থীর ক্ষেত্রে স্বীকৃত জার্নালে কমপক্ষে ৭টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। সহকারী অধ্যাপক হিসেবে ৪টি প্রকাশনা থাকতে হবে। সহকারী অধ্যাপকে পদোন্নতি পেতে একজন শিক্ষককের ন্যূনতম ৩ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। থিসিসসহ এমফিল ডিগ্রিধারীদের জন্য ২ বছর এবং পিএইচডি ডিগ্রি থাকলে ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আর স্বীকৃত কোনো জার্নালে ন্যূনতম ৪টি প্রকাশনা থাকতে হবে।

এ ছাড়াও বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, বিজনেস স্টাডিজ, চারুকলা ও আইন অনুষদভুক্ত বিষয়গুলোর জন্য প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, সহকারী থেকে সহযোগী এবং সহযোগী থেকে অধ্যাপক নিয়োগের জন্য একটি অভিন্ন শর্তাবলী যোগ করা হয়েছে নীতিমালায়। একইভাবে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়, মেডিসিন, কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা নিয়োগ শর্তাবলী করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় বেতন স্কেলে বৈষম্যের প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠকে নিয়োগ ও পদোন্নতিতে বৈষম্যের বিষয়টি সরকারের নজরে আসে। তখনই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে একটি মানসম্মত অভিন্ন নীতিমালা করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন। মন্ত্রণালয় উচ্চ শিক্ষার নিয়ন্ত্রক সংস্থা ইউজিসিকে অভিন্ন নীতিমালা প্রণয়নের দায়িত্ব দেয়।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950