প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফটক
মঙ্গলবার ছিল কলকাতা প্রেসিডন্সি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। কিন্তু ছাত্রদের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বরের পরিবর্তে সেই অনুষ্ঠান হল অন্য জায়গায়, নন্দনে। তবে সেখানেও অনুপস্থিত ছিল ছাত্র-ছাত্রীরা। ফলে মাত্র ৪০ মিনিটেই শেষ হয়ে যায় সেই অনুষ্ঠান।
হিন্দু হোস্টেলের দাবিতে বেশ কিছু দিন ধরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে। মূলত তারই অংশ হিসেবে সোমবার সকাল থেকেই প্রেসিডেন্সির মূল গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। হিন্দু হোস্টেল না পাওয়া পর্যন্ত এভাবেই আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দিয়েছে ছাত্র-ছাত্রীদের একাংশ।
শিক্ষার্থীদের আন্দোলনের চাপে এদিন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেননি উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষক এবং অন্যান্য কর্মীরা। ফিরে যান তারা। এরই মধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবার সমাবর্তন করা যাবে না বলে আন্দোলনকারীদের দাবির দায় এড়াতে সমাবর্তন অনুষ্ঠান মঙ্গলবার নন্দন-৩ প্রেক্ষাগৃহে করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।