চাকরি জাতীয়করণের দাবিতে ফের আন্দোলনে নামছেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। নতুন তারিখ ৫ অক্টোবর। এদিন সারাদেশ থেকে আগত শিক্ষক-কর্মচারীরা মহা অবস্থান কর্মসূচি পালন করবেন রাজধানীতে। গড়ে তুলবেন দুর্বার আন্দোলন। শিক্ষক নেতাদের হুমকি, ৩০ সেপ্টেম্বরের মধ্যে চাকরি জাতীয়করণের ঘোষণা দিতে হবে। তা না হলে ৫ অক্টোবর থেকে শুরু হওয়া শিক্ষক-কর্মচারীদের আন্দোলন থামানো যাবে না।
সম্প্রতি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়েজিত এক সংবাদ সম্মেলনে চাকরি জাতীয়করণ বাস্তবায়ন কমিটির নেতারা নতুন এই কর্মসূচির ঘোষণার পাশাপাশি হুশিয়ারি উচ্চারণ করেন।
শিক্ষক নেতারা বলেন, দেশের ৯৭ ভাগ শিক্ষাদান করছেন তারা। একই সিলেবাসে, একই বোর্ডে পরীক্ষা, সমান পরিশ্রম করে থাকে বেসরকারি শিক্ষকেরা। কিন্তু সরকারি শিক্ষকদের সাথে তাদের বৈষম্য আকাশচুম্বী। তাদের চাকরির নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক বৈষম্যও প্রকট। বেসরকারি শিক্ষকেরা কথায় কথায় চাকরিচ্যুত, ম্যানেজিং কমিটি দ্বারা লাঞ্চিত, এমনকি ছাত্র-ছাত্রী দ্বারাও লাঞ্চিত হচ্ছে। যেটা সভ্য সমাজে আদৌও কাম্য নয়। নকল করতে বাধা দেওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকেরা ছাত্র-ছাত্রীদের অভিভাবক দ্বারা লাঞ্চনার শিকার ও চাকরিচ্যুত হচ্ছে হাজার হাজার শিক্ষক কর্মচারী। মূলত এ কারণেই তারা চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছে।
কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, ২০১৫ সালের জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা ৫ শতাংশ হারে বার্ষিক প্রবৃদ্ধি দিয়ে আসছে সরকার; যা সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা পেয়ে থাকেন। তবে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার কেউ তা পান না। এটি সরকারের বিমাতাসুলভ আচরণ। তিনি আরও বলেন, চাকরি জাতীয়করণের দাবিতে বহুবার আলটিমেটাম দেওয়া সত্ত্বেও সরকার সহানুভূতিশীল হয়নি। এমনকি শিক্ষকদের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তাও অনুভব করেনি। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়া না হলে আগামী ৫ অক্টোবর ঢাকায় মহাঅবস্থান কর্মসূচি পালন করা হবে।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, প্রতিষ্ঠান জাতীয়করণ হলে বছরে সরকারের ব্যয় হবে প্রায় ১৬ হাজার ২৭০ কোটি টাকা। বর্তমানে বেতন বাবদ সরকার দেয় ১০ হাজার ৪৫০ কোটি টাকা। অতিরিক্ত দিতে হবে প্রায় পাঁচ হাজার ৮২০ কোটি টাকা। কিন্তু তখন প্রতিষ্ঠান থেকে সরকারের আয় হবে প্রায় পাঁচ হাজার ৯০০ কোটি টাকা। এ হিসাবে ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করলে সরকারের ব্যয় বাড়বে না; বরং বছরে প্রায় ৮০ কোটি টাকা আয় হবে।
শিক্ষক নেতারা বলেন, চাকরি জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ১৮টি সংগঠনের বৃহত্তম মোর্চা ‘বেসরকারি শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ বাস্তবায়ন কমিটি’ প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলানোর কর্মসূচি দিতেও বাধ্য হবে।