জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনলাইন ভর্তির সার্ভারে সমস্যা হওয়ায় ভোগান্তিতে পড়েছেন লাখো ভর্তিচ্ছু। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন শেষ করতে পারবেন কিনা- তা নিয়েও দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা বলছেন, সারাদিন অপেক্ষা করেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ে সাইটে প্রবেশ করা যায় না। কখনো প্রবেশ করা গেলেও আবেদনে সফল হওয়া যায় না।
প্রসঙ্গত, ডিজিটাল বাংলাদেশ গড়া ও শিক্ষা ক্ষেত্রে আধুনিকায়ণের পদক্ষেপ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজ অনলাইনে করা হয়। এরই অংশ হিসেবে ডিগ্রী ভর্তি ফরম, মাস্টার্স ১ম বর্ষ রিলিজের আবেদন, মাস্টার্স শেষ বর্ষ (প্রাইভেট) ও অনার্স ১ম বর্ষের আবেদন ফরম পূরণ সংক্রান্ত কাজ গত কয়েক বছর থেকে অনলাইনে শুরু হয়েছে। কিন্তু এইসব আবেদন ফরম পূরণ করতে এসে সার্ভার সমস্যার জন্য বিড়ম্বনার শিকার হচ্ছেন অসংখ্য শিক্ষার্থী। গত ১ সেপ্টেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
ঢাকা, রাজশাহী, খুলনা, বগুড়া ও শেরপুরসহ দেশের বেশ কয়েকটি এলাকার অনলাইন পয়েন্টগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, অনেক সময় সারাদিনেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রবেশ করা যায় না। কখনো প্রবেশ করা গেলেও আবেদনের শুরু কিংবা শেষ পর্যায়ে সফল হওয়া যায় না। সূত্র জানায়, নউপশহরগুলোতে প্রতিনিয়ত হাজার হাজার শিক্ষার্থী গ্রাম থেকে এসেও সার্ভিস না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। সাইদুর রহমান নামে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী জানান, গত তিনদিন ধরে চেষ্টা করেও অনলাইনে আবেদন পাঠাতে পারেননি তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করার পর শিক্ষার্থীর রোল নম্বর দিয়ে ক্লিক করা হলে কোনো কাজ হয় না। হাজার হাজার শিক্ষার্থীও তার মত সমস্যায় ভূগছেন বলে জানান তিনি।
নিজের সন্তানের আবেদন ফরম পূরণ করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা জানান, দেশকে ডিজিটালাইজ্ড করার নামে সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটই এখন পর্যন্ত মানসম্মত করতে পারছেন না; তাহলে কী আমরা ধরে নেব যে, এ সবই লোক দেখানো?
মাঝপথে আটকে যাচ্ছে আবেদন প্রক্রিয়া
খুলনা অঞ্চলে খোঁজ নিয়ে জানা যায়, মহানগরীর বিভিন্ন সাইবার ক্যাফে ঘুরে হতাশ হয়ে ফিরছেন সবাই। তারাও দায় দিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। স্থানীয় ভর্তির প্রক্রিয়া সম্পন্নকারী সাইবার ক্যাফের মালিকদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার সব সময় দুর্বল। এবার তা প্রকট আকার ধারণ করেছে। শুধু ভর্তির ফরম পূরণ নয় রেজাল্ট দেওয়ার দিন, ফরম ফিল আপ ও রেজিস্ট্রেশনের সময়ও এ সমস্যা হয়।
মহানগরীর ময়লাপোতা মোড়ের ইউনি ভিশনের ব্যবস্থাপনা পরিচালক হেলাল হোসাইন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার থেকে ভর্তি ফরম ডাউন লোড করা যাচ্ছে না। এনইউয়ের ওয়েবসাইটে থাকা হেল্পলাইন নম্বর রয়েছে। যে কারণে দ্রুত সমস্যা সমাধানেরও আশ্বাস পাচ্ছি না। এতে চাপা ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। তিনি জানান, সারাদিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করাই যায় না। মাঝে-মধ্যে প্রবেশ করা গেলেও আবেদনের শুরু কিংবা শেষ পর্যায়ে গিয়ে সফল হওয়া যায় না। কয়েকজন সাইবার ক্যাফের মালিক জানান, দিন বাদ দিয়ে সারারাত জেগেও চেষ্টা করে দেখেছি। তাতেও কাজ হয় না।
এসব বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ড. আলী জাফর চৌধুরী জানান, একসঙ্গে চেষ্টা করার কারণে কিছু সমস্যা দেখা দেয়। আবেদন যে পড়ছে না তা নয়; আট দিনে দুই লাখ আবেদন পড়েছে। দিনে সমস্যা থাকায় রাতে ফরম পূরণের পরামর্শ দেন ড. জাফর।
আবেদন ফরম পূরণের নিয়মাবলী: আবেদনকারীকে নির্দিষ্ট ওয়েবসাইটে (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admission) Degree Pass Tab- এ গিয়ে Apply Now (Degree Pass) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় রোল নম্বর, শিক্ষা বোর্ড পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে ।