© ফাইল ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অনিয়মিত পানি সরবরাহের কারণে গত এক বছর যাবত তীব্র পানির সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত পানি না থাকায় হলের আবাসিক শিক্ষার্থীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, হল কর্তৃপক্ষের কাছে এ সংকট সমাধানে বারবার আবেদন জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সম্প্রতি এ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
শিক্ষার্থীরা জানান, বিগত কয়েকদিন ধরে কাপড় ধোয়া থেকে শুরু করে দৈনন্দিন শৌচাকার্য পর্যন্ত ঠিকভাবে সারতে পারছেন না তারা। গত এক বছর ধরে এমন সমস্যার সম্মুখীন তারা।
আবাসিক শিক্ষার্থী ও ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী সৌরভ চক্রবর্তী অভিযোগ করে বলেন, কোথায় পাইপ ফেটে গেছে এমন কথা গত এক বছর ধরে বলে আসছে প্রশাসন। দিনের মধ্যে ঘন্টাখানেক পানি থাকে, পরে আর থাকে না। এ সমস্যার সমাধানে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি হল প্রশাসনকে।
তবে হল প্রশাসন বলছে হল মিলনায়তনের পাশে সাপ্লাই পাম্প বিকল হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পাম্পটির সংস্কার কাজ চলছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আশরাফুজ্জামান বলেন, ‘আমি কর্মচারীদের পাম্প মেরামতের বিষয়ে নির্দেশ দিয়েছি। খুব দ্রুতই পাম্প মেরামত হয়ে যাবে ।