চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধারকৃত মায়া হরিণ © টিডিসি ফটো
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পিছন থেকে একটি মায়া হরিণকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর হরিণটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ভ্যাটেনারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
রসায়ন বিভাগের কর্মকর্তা সুমন চৌধুরী এবং সালেহ আহমেদ হরিণটিকে উদ্ধার করেন। তারা বলেন,১০৮ নং রুমের জানালায় আটকা পড়ে হরিণটি। আমরা সকাল সাড়ে নয়টার দিকে হরিণটিকে জানালায় ঝুলে থাকতে দেখে তাৎক্ষণিক চেয়ারম্যান স্যারকে অবহিত করি। পরে প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে উদ্ধার করি।
এ বিষয় জানতে চাইলে রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, এর আগেও বিজ্ঞান অনুষদের পেছনের পাহাড় থেকে হরিণ আসতো আর আমাদের হাতে ধরাও পড়তো। পরবর্তিতে আমরা উদ্ধার করে প্রাণীবিদ্যাবিভাগের সহায়তায় ছেড়ে দিতাম। তবে, এ হরিণটিকে খুব আশঙ্কাজনক অবস্থায় ধরা পড়ে। তাই আমি নিজেই হরিণটিকে নিয়ে শঙ্কিত।
বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, রসায়ন বিভাগে হরিণ আটকে পড়ার খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। হরিণটি বেশি আঘাত প্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার পাঠানো হয়েছে।
প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আফতাব হোসেন দ্য ডেইলি ক্যাম্পাস কে বলেন, আঘাত প্রাপ্ত হরিণটি মায়া হরিণ। হরিণটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। চিকিৎসার জন্য ভ্যাটেনারি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি আমরা। সেখানে উন্নত চিকিৎসার ব্যাবস্থা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হরিণটি কোমরের অংশে আর পেছনের পায়ে ব্যাথা পেয়ে নড়াচড়া করতে পারছে না। এছাড়া শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হয়েছে।