ছুটিতে ফাঁকা ক্যাম্পাসে ছাত্রলীগ আতঙ্কে শাবি প্রশাসন

২১ আগস্ট ২০১৮, ০৮:১৬ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। © টিডিসি ফটো

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম এবং উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষা বিস্তারে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সিলেটের শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (সাস্ট) এখন প্রায় জনমানব শূণ্য। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এবং ক্লাস-পরীক্ষা, খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমসহ ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে কম্পিত হওয়া ক্যাম্পাসটি পবিত্র ঈদের ছুটিতে ঘরেমুখী শিক্ষার্থীদের অনুপস্থিতিতে হয়ে উঠেছে নিষ্প্রাণ এবং স্থবির। 

আবাসিক হলে শাখা ছাত্রলীগের গ্রুপিং কোন্দলের ফলে হামলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় বিগত বছরের চলমান প্রথা ভেঙ্গে এবার সকল হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে কার্যত শিক্ষার্থী শূণ্য হয়ে গেছে ক্যাম্পাসটি, যেখানে বিগত বছর গুলোতে ক্যাম্পাস বন্ধের সময়ে হলে অবস্থানকারী শতাধিক শিক্ষার্থীদের পদচারণায় কিছুটা প্রাণের সঞ্চার পাওয়া যেত ৩২০ একরের সবুজ চত্ত্বরে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, কেন্দ্রীয় গ্রন্থাগার, মুক্তমঞ্চ, হ্যান্ডবল গ্রাউন্ড, ফুসকা পয়েন্ট, লুথা চত্ত্বর, ক্যাফেটেরিয়া, ফুডকোর্ট, আইআইসিটি ভবন, বি সি ই বিল্ডিংয়ের সামনের খাবারের টঙ, চেতনা-৭১ এর পাদদেশ, ক্যাম্পাসের প্রধান ফটকের আড্ডার জন্য প্রচলিত ছোটো-বড় দোকানসহ বিভিন্ন স্থানে তরুণ-তরুণীদের আনাগোনায় মুখরিত থাকতো চির সুবজ এ ক্যাম্পাসটি। ক্যাম্পাসের সেই চির চেনা জায়গাগুলো এখন অচেনা রূপ ধারণ করেছে। এছাড়াও শাবিপ্রবি’র অন্যতম আবেগের জায়গা এককিলো রোডের ফাঁকা চিত্র নিশ্চয়ই কোনো সাস্টিয়ান স্বচক্ষে দেখতে চাইবে না।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১৯ আগস্ট রোববার থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৫ দিনের ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। এর আগে ১৭ ও ১৮ তারিখ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শিক্ষার্থীরা মূলত ১৬ তারিখের পর থেকেই বিশ্ববিদ্যালয় ছাড়তে শুরু করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার থেকে আবাসিক হলগুলোকেও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় আগামী ৩ সেপ্টেম্বর খোলার ঘোষণা থাকলেও আবাসিক হলসমূহ ১ তারিখ থেকে খুলে দেয়া হবে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা হলেও ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কল্যাণে সহপাঠীসহ বন্ধু-বান্ধব, সিনিয়র ও জুনিয়রদের মাঝে বেশি মিস করার সুযোগ অনেকটা কম। মুহুর্তের মধ্যেই জেনে যাওয়া যাবে হল এবং বিভাগের বন্ধুদের সর্বশেষ খবর। চাইলে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার পাশাপাশি আড্ডাও দেয়া যাবে ঘন্টার পর ঘন্টা।

ভার্চুয়াল জগৎ এর যোগাযোগের বাইরে সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয়ের ৩২০ একরকে মিস করছে এমন একজন বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তার ফেইসবুকে লিখেছেন “ছায়া সুনিবীড় শাবিপ্রবি যোজন দূরত্বের পথও তোমার মায়াজাল ছিন্ন করতে পারেনি! নির্ঘুম রাতের ঘোর অন্ধকার ভেদ করা অচেনা আলোয় সমস্ত স্মৃতি গুলো নিয়ে তোমার বুকেই হারিয়ে যাই”।

ছুটি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাফায়েত ইসলাম বাপ্পী এর সাথে আলাপকালে বলেন ‘অনেক দিন পর এমন একটা ছুটি পাওয়া গেলো যেখানে ছুটি শেষ হলেই পরীক্ষার কোনো চাপ নেই যা অন্যান্যবার থাকে। টিউশনির বেতনও পেয়ে গেছি, একরাশ আবেগ নিয়ে বাড়ি এসেছি। আশা করি মা-বাবা, ভাই বোনদের সাথে এবারের ঈদের ছুটি ভালোই কাটবে।’

ছাত্রলীগ আতঙ্কে শাবি প্রশাসন:
বাংলাদেশ ছাত্রলীগের এই ইউনিটের মধ্যকার কোন্দল এর আগে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছে। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক গ্রুপিং রাজনীতি পরিহার করে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে থাকার নির্দেশ থাকলেও তা মানছে না কতিপয় ছাত্রনেতা। যার ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় সবসময় আতঙ্কে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ গত ১২ আগস্ট রাতের আঁধারে হলে প্রবেশের চেষ্টা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত আবু সাঈদ এবং সাজিদুল ইসলাম সবুজের নামে পরিচিত সাঈদ গ্রুপ ও সবুজ গ্রুপের অনুসারীরা। এতে হলে অবস্থানকারী সাধারণ শিক্ষার্থীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়। সে রাতে প্রশাসনের তৎপরতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম হয়নি। ফলে বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে যেন একই ঘটনার পূনরাবৃত্তি না ঘটে এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সেজন্যে গত ১৮ তারিখ থেকে ঈদের ছুটির সাথে সাথে হলসমূহ বন্ধ করে দেয়া হয়।

এর আগে ২০১৪ সালের ২০ নভেম্বর বর্তমান কমিটির হলে প্রবেশ করার সময় দুই গ্রুপের সংঘর্ষের সময় সুমন নামে এক বহিরাগত ছাত্রলীগ কর্মী নিহত হয়। সাম্প্রতিক চলমান অস্থিতিশীলতা এ ধরনের ঘটনার আবারও ঘটার আশঙ্কা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ছাত্রলীগের হল দখলকে চর দখলের ন্যায় উল্লেখ করে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ছাত্রলীগের গ্রুপিং রাজনীতি সবসময় ভয়াবহ। আমরাও রাজনীতি করে আসছি, কিন্তু এখনকার অবস্থা খুবই ন্যাক্কারজনক। আমরা চাই সবাই সময়মত পড়াশুনা শেষ করে প্রফেশনাল লাইফে প্রবেশ করে পরিবারের হাল ধরুক। কিন্তু ছাত্রলীগের কোন কর্মকান্ডের ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন বিপন্ন হোক সেটা আমরা চাই না। তাছাড়া ছাত্রলীগের হল দখল অনেকটা চর দখলের মত। কিন্তু তাদের এই দখল-দারিত্বের ফলে কোন তাজা প্রাণ ঝড়ে পড়ুক সেটা হতে দেয়া যাবে না। তাই আমরা সবার নিরাপত্তার স্বার্থে আগামী ৩১ তারিখ পর্যন্ত হল বন্ধ থাকবে এবং ১ তারিখ থেকে খুলে দেয়া হবে।

এদিকে ছুটিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করায় চাকরি প্রত্যাশি ও পার্টটাইম জব করা শিক্ষার্থী এবং অমুসলিম শিক্ষার্থীরা বিপাকে পড়ায় অনেকটা বাধ্য হয়েই বাড়ি যেতে হচ্ছে। এ ধরনের সীদ্ধান্তকে অমানবিক উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছিুক ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী বলেন- ‘বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের অধিকার সমান। এখানে ঈদ উপলক্ষে ছুটিতে মুসলমান ধর্মালম্বী শিক্ষার্থীরা বাড়িতে গেলেও প্রশাসন অন্য ধর্মালম্বীদের কথা চিন্তা না করেই আমাদের আশ্রয়স্থল হলগুলো বন্ধ করে দিয়েছে। ঈদের ছুটির পর শুরু হবে দূর্গা পূজার ছুটি, আর এতো ঘনঘন পরিবহনে দূর-দূরান্তের যাতায়াত করা শিক্ষার্থীদের জন্য খুবই কষ্টকর এবং ব্যয়বহুল।’

ঈদের ছুটিতে ফাঁকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিষয়ে পুলিশি টহল বিদ্যমান আছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়েরর নিকটবর্তী জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম স্বপন। তিনি জানান, ফাঁকা ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর দুর্ঘটনা রোধে ক্যাম্পাস এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগামী ০৩ সেপ্টেম্বর ঈদের ছুটি শেষ করে খুলবে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করবে নতুন যান্ত্রিকতা সাথে আরেক নতুন প্রাণ। যে যার মত নাড়ীর মায়া কাটিয়ে ফিরতে শুরু করবে চিরচেনা ৩২০ একরে, আস্তে আস্তে আবার ডুবে যেতে হবে ক্লাস, অ্যাসাইনম্যান্ট ও পরীক্ষার মধ্যে। প্রতিবছর এভাবেই ঈদের ছুটি আসবেই ফাঁকা হবে ক্যাম্পাস, আর সবার মনের আঙিনায় তৈরি করে যাবে কিছু রোমাঞ্চকর স্মৃতির বন্ধন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950