শিক্ষাঙ্গন ও কর্মক্ষেত্র ছেড়ে নাড়ির টানে গ্রামে ফিরে ঈদ উদযাপন করা বাংলার চিরায়িত সংস্কৃতি অংশ। কর্মব্যস্ত মানুষকে জীবনের দৌড়ে এগিয়ে থাকতে মা-বাবা, পরিবার-পরিজন, বাঁশ বাগানের মাথার ওপর আধখানা চাঁদ, ঝোপে-ঝাড়ে বাতির মতো জ্বলতে থাকা জোনাকী, ফুলের গন্ধ, সর্বোপরি শৈশবের স্মৃতি বিজড়িত গ্রাম ছেড়ে থাকতে হয় বহুদূরে। তবে দূর দূরান্তে থাকলেও এসব নাড়ির টান ও শিকরের বন্ধন সে সব সময় অনুভব করে। ফলে ঈদের সময়গুলোতে বাস, ট্রেন ও লঞ্চগুলোতে দেখা যায় মানুষের উপচেপড়া ভীড়।
কিন্তু কর্মব্যস্ত মানুষ মাঝে মাঝে এ সংস্কৃতির ব্যত্যয়ও ঘটিয়ে ফেলে। অফিস ছুটির সীমাবদ্ধতা ও যানবাহনের ঝঞ্ঝাট মাড়িয়ে অনেকের ফেরা হয় না তার নিজ গ্রামে বা পরিবারের কাছে। তবুও আনন্দ পিপাসু মানুষগুলো তার নিজ অবস্থান থেকে খুঁজে নেয় সর্বোচ্চ আনন্দটুকু।
আর এভাবেই ঈদ উৎযাপনের অভিজ্ঞতা শুনাচ্ছিলেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডীন অধ্যাপক ড. মিজানুর রহমান কাজল। তিনি বলেন, বয়স বাড়ছে আর ঈদ পরিণত হচ্ছে স্মৃতিচারণার এক অপরূপ উপলক্ষে, ঈদের আনন্দের অন্যতম প্রধান উৎস হয়ে উঠছে স্মৃতির ঝাঁপি খুলে ফেলা। ছোটদের উৎসব মানে আজকের উদ্যাপন, বয়স্কদের উৎসব মানে অনেক সময় স্মৃতি রোমন্থন। কোরবানির ঈদের প্রধান আনন্দ ছিল পশু কেনা। আব্বা ও বড় ভাইয়েরা হাটে যেতেন। আমিও যেতাম। তখন হাটে অনেক পশু দেখতে পেতাম, খুব ভালো লাগত। বাবাকে জিজ্ঞাসা করতাম, এত পশু কোথা থেকে আসে? বাবা বলতেন, ‘আমাদের কৃষকেরা অনেকেই গরু পালন করেন। বিদেশ থেকেও গরু এদেশে আসে।’ হাটে ২-৩ দিন ঘুরে পছন্দ করে সবাই পশু কিনত।
বাড়িতে কোরবানির পশুর খাবার দেওয়া, গোসল করানো, রাতে দেখাশোনা করা ইত্যাদি কাজ করতাম এবং ভালো লাগত। সকাল, দুপুর ও রাতে গরুর পরিচর্যা করা একটা চাকরির মতো হয়ে গিয়েছিল। সাধারণত গ্রামে ঈদের ৬-৭ দিন আগেই গরু কেনা প্রায় শেষ হয়ে যেত।
আমরা কোরবানি দিতাম ভাগে তবে বেশির ভাগ সময় নিজেরাই কোরবানি দেয়ার উদ্দেশ্যে বছরের শুরু থেকেই ছাগল পালতাম। পশু জবাই দেওয়া পর আমার ওপরে ভার পড়ত একটা ঠ্যাং ধরে রাখার। আর আমার একটা প্রিয় কাজ ছিল ঢোল বানানো। একটা কৌটা জোগাড় করতাম। গরুর ভুঁড়ির একটা চামড়া দিয়ে সেই কৌটার মুখ ঢেকে শুকাতে দিলে কিছুক্ষণের মধ্যেই ঢাক তৈরি হয়ে যেত। তারপর একটা কঞ্চি দিয়ে সেই ঢাক বাজিয়ে পাড়া মাথায় তোলার চেষ্টা করতাম।
ছেলেবেলায় গ্রামে, বাবা-মায়ের সঙ্গেই ঈদ উদ্যাপন করতাম। তখনকার সময় ঈদের আমেজটা ছিল অন্যরকম। গ্রামের স্কুলে পড়ালেখা করেছি। অনেক বন্ধু ছিল। তাদের সঙ্গে ঈদের দিন বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যেতাম। আর যখন এলাকায় থাকতাম, তখন এলাকার কিছু বন্ধু ও অন্যান্য ছেলেরা কাচের মার্বেল খেলত। মার্বেল খেলাটা আমার কাছে বেশ ভালো লাগত। যারা ভালো খেলতে পারত, তারা জিতত। কিন্তু আমি খেলতে পারতাম না। আমি শুধু দেখতাম, ওরা খেলত।
গ্রামে তখন পশু কোরবানি দেওয়ার লোকের সংখ্যা খুব ছিল। গ্রামের অধিকাংশ মানুষ মাংস সংগ্রহ করত। একেকটা পাড়া মিলে দল থাকত, তাদেরকে ভাগ করে দেওয়া হতো পুরো সমাজে। পশু কোরবানি দেওয়ার পর মাংস গ্রামের প্রতিবেশিদের মধ্যে নিয়মানুযায়ী ভাগ করে দেওয়া হতো। আমি তখন তাদের সঙ্গে মাঝে মধ্যে যেতাম এবং মাংস বিতরণ খুব উপভোগ করতাম। এখন আগের মতো ঈদ উৎসব দেখা যায় না।
কোরবানির ঈদের গরু বা ছাগল কেনার সেই আনন্দ এখনো আমার মধ্যে কাজ করে। আমার আত্মীয়রা আমাকে ফোন করে বলেন, গরু কিনেছিস, কি রং, কোথা থেকে কিনবি ইত্যাদি। আমিও তাদের জিজ্ঞেস করি, আপনারা কোন হাট থেকে কিনছেন? রোজার ঈদ মাঝে মাঝে গ্রামের বাড়িতে করা হলেও ব্যস্ততার জন্য কোরবানির ঈদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই করতে হয়।
ক্যাম্পাসে যাদের সাথে চাকরি করি এমন অনেক শিক্ষকরাও থাকেন। আনন্দ গুলো তাদের সাথেই ভাগাভাগি করা হয়। ঈদের কয়েক দিন টানা দাওয়াত ও চলে পরস্পরের বাড়িতে। এখানকার ঈদটা একটু অন্যরকম। ছোটবেলার মত অথবা গ্রামের মত কোরবানির পশু কেনার যে আমেজটা থাকে সেটা এখানে একটু কম। আর এখন তো ঢাকায় ঈদের আগের দিন সকালেও হাট বসে। তবে এখন যে আনন্দ কম হয় সেটা বলব না, হয়তো সময়ের সাথে সাথে ঈদ আনন্দের ধরনটা বদলে গেছে।