বঙ্গবন্ধু সম্পর্কে ইউজিসির চেয়ারম্যান
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান স্মারক বক্তব্য প্রদান করছেন © টিডিসি ফটো
বঙ্গবন্ধু রাজপথের একজন সাধারণ কর্মী থেকে জাতির পিতা হয়েছেন। বাংলাদেশকে জানতে হলে শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবশ্যই জানতে হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আয়োজিত এক আলোচনা সভায় ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এ কথা বলেন।
বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইউজিসি এই আলোচনা সভার আয়োজন করে। ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান স্মারক বক্তব্য প্রদান করেন। ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইউজিসির সচিব ড. মোঃ খালেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
শামসুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি সমগ্র বাঙালি জাতিকে একটি ছাতার নিচে এনেছিলেন। তিনি ১৯৭১ এর মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং বালাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। শামসুজ্জামান খান তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার জন্য আহবান জানান।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন, ১৯৭৫ এ সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হয়। তিনি রাজপথের একজন সাধারণ কর্মী থেকে জাতির পিতা হয়েছেন। বাংলাদেশকে জানতে হলে শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবশ্যই জানতে হবে। তিনি সকলকে জাতির পিতার সোনার বাংলা গড়ার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও প্রফেসর ড. মোঃ আখতার হোসেন এবং ইউজিসির বিভাগীয় প্রধানগণসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।