উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী । © সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িতরা আজ অনেক বেশি বঙ্গবন্ধুর অনুসারিতে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর সত্যিকারের অনুসারীদের সাথে মিশে গেছে তারা। এজন্য দেশ আরো সংকটাপন্ন হচ্ছে বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যালয়ে সংগঠনটি উক্ত সভার আয়োজন করে।
সমিতির সভাপতি সৈয়দ বাইজিদ ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ।
উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শুধু জাতির জনকই নয়, মহানায়ক ছিলেন। অন্যতম শ্রেষ্ঠ বিশ্ব নেতাদের একজন ছিলেন তিনি। চক্রান্ত করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুঃখ জনক হলেও সত্য, বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িতরা আজকে অনেক বেশি বঙ্গবন্ধুর অনুসারিতে পরিনত হয়েছে। বঙ্গবন্ধুর সত্যিকারের অনুসারীদের সাথে মিশে গেছে তারা, যার কারনে দেশ আরো সংকটাপন্ন হচ্ছে।
তিনি আরও বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট যারা কালো অধ্যায়ের সূচনা করেছিল তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে। কিন্তু তারা জানত না তিনি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়েই বাঙালী জাতির হৃদয়ে বেঁচে থাকবে। বিশ্ব ইতিহাস থেকে তাঁকে বিচ্ছিন্ন করা যাবেনা।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার বলেন, বঙ্গবন্ধুর জীবদ্দশায় তিনি নিজের জন্য কিছুই করেন নি। যতটুকু করেছেন বাঙ্গালী জাতির জন্যই করেছেন।তার অক্লান্ত প্রচেষ্টায় বাঙালি হাজার বছরের ইতিহাসে ১৯৭১ সালে প্রথমবারের মত স্বাধীনতার স্বাদ পেয়েছিল।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান, চবিসাসের প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক জোবায়ের চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ রাকীব, জয় দাশ , সদস্য আব্দুল্লাহ আব্বাস প্রমুখ।
সমাপনী বক্তব্যে চবিসাস এর সভাপতি বাইজিদ ইমন বলেন, ১৯২০ সালের ১৭-ই মার্চ গোপাল গঞ্জ জেলার টঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করা মানুষটি স্বদেশ প্রেম এবং মানুষের প্রতি ভালোবাসা থেকেই একদিন বঙ্গবন্ধুতে পরিনত হয়েছে। বঙ্গবন্ধু মানেই বাংলার রাষ্ট্রনায়ক।