বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যার বিচার চেয়ে শাবিপ্রবি’তে মানববন্ধন। © টিডিসি ফটো
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারকে নৃশংসভাবে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)।
রোববার দুপুর সাড়ে ১২টায় ‘শাবি অফিসার্স এসোসিয়েশন’র আয়োজনে বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ড. খন্দকার মমিনুল হক, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদের আহ্বায়ক জয়নাল আবেদীন, অতিরিক্ত রেজিস্ট্রার সলিম মো: আব্দুল কাদির, অতিরিক্ত লাইব্রেরিয়ান জিল্লুন নাহার, উপ পরিচালক ফয়জুন্নেছা বেগম, শাবি অফিসার্স এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিশির সহ সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দীর কাছাকাছি সময়ে এসে একজন মহান মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ আমাদের দেখতে হলো। এই লজ্জা গোপন করা সম্ভব নয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গত জুলাই মাসে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন এর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারকে দুর্বৃত্তরা নৃশসংসভাবে জবাই করে হত্যা করে। মাহমুদুল হাসান মামুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।