নিরাপদ সড়ক আন্দোলন
জুলাইয়েরে শেষ দিকে শুরু হওয়া এই আন্দোলন নয় দিনব্যাপী চলতে থাকে © সংগৃহীত
ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ গত শনিবার টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়তে শুরু করলে ফোনে ফোনে একটি তালিকা ছড়িয়ে দেয়া হয়। এ তালিকায় কিছু নাম, ফোন নম্বর ও ঠিকানা উল্লেখ করা হয়। মেসেজে বলা হয়, ‘অনুগ্রহপূর্বক এই ঠিকানাগুলো আপনার বিশ্বস্ত মানুষের কাছে মোবাইল মেসেজ বা ফেসবুক মেজেঞ্জারের মাধ্যমে পাঠান।’
এক শিক্ষার্থী লিখেছে, ‘যদি ঝিগাতলা বা ধানমন্ডির এলাকায় কারো আশ্রয়ের দরকার হয়, তাহলে আমার বাসায় আসুন।’ আরেক শিক্ষার্থী লিখেছে, ‘অনুগ্রহপূর্বক নিরাপদে থাকুন- পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।’
পরবর্তী দিন বাংলাদেশের সরকারি দলের কর্মীরা সশস্ত্র অবস্থায় রাস্তায় নেমে আসে। তারা আন্দোলনকারী ও সাংবাদিকদের মারধর করে। এদিন ওই তালিকায় আরও নতুন নতুন নাম ও ঠিকানা যোগ করা হয়। পুলিশ এখন সেসব আন্দোলনকারীদের বাসায় অভিযান চালাতে শুরু করেছে।
সম্প্রতি মাধ্যমিক পাশ করা শিক্ষার্থী ওয়াজির। তিনি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তার সঙ্গে ফেসবুকে এমন কয়েকজন শিক্ষার্থীর যোগাযোগ ছিল যাদের বাসার কিংবা আশ্রয়স্থলের ঠিকানা ওই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
এদের মধ্যে মহিমুদ একজন। রোববার মধ্যরাতের পরে হঠাৎ করে তার সঙ্গে ওয়াজিরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ফেসবুক থেকে ছবি ও পোস্টগুলো অদৃশ্য হয়ে যেতে শুরু করে। তার গ্রুপ থেকে অসংখ্য উত্তেজক মসেজে আসতে শুরু করেছিল কিন্তু হঠাৎ করে সে কেন অনলাইন থেকে অদৃশ্য হয়ে গেল? পরে এক আতঙ্কিত শিক্ষার্থী বুঝতে পেরে বলেন, ‘সে আমাদের রক্ষা করেছে’ ছেলেটি বলেন, ‘সে স্মার্ট কাজ করেছে।’
জুলাইয়েরে শেষ দিকে বাংলাদেশের রাজধানীতে শুরু হওয়া এই আন্দোলন নয় দিনব্যাপী চলতে থাকে। এতে প্রায় দশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে বেপরোয়া বাসে পিষ্ঠ হয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু ঘটে, এতে সড়কে নিরাপত্তা চেয়ে আন্দোলন শুরু হয়। কিন্তু এক পর্যায়ে তা সরকারের দুর্নীতি বিরোধী বিক্ষোভে পরিণত হয়।
যদিও আন্দোলনের প্রথম ৪৮ ঘন্টা শান্তিপূর্ণ ছিল। কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করলে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো দুশ্চিন্তাগ্রস্ত হয়। তারা এতে বিরোধী দলের সংশ্লিষ্টতার দাবি তুলে দমন করতে শুরু করে।
পাশাপাশি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আন্দোলন সংগঠিত করতে পোস্ট দিচ্ছিল তাদেরও দমন করতে শুরু করে। বাংলাদেশের ডিজিটাল যোগাযোগ আইনের অধীনে তাদের মধ্য থেকে ডজন খানেক পোস্টদাতাদের গ্রেফতার করা হয়।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার বলেন, ‘যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সহিংসতাকে উস্কে দিয়েছে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি।’ তিনি জানান, ‘শিক্ষার্থী, শিক্ষক বা রাজনৈতিক নেতা, কাউকেই ছাড় দেয়া হবে না।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কর্মকর্তা মুহাম্মদ নাজমুল ইসলাম বলেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রায় ১২০০ অ্যাকাউন্ট চিহ্নিত করেছে, যারা গুজব ছড়িয়ে সহিংসতা ও অস্থিরতা উস্কে দেয়ার চেষ্টা করেছে।
তিনি জানান, ‘এই কাজ শেষ করতে আরও কিছু দিন সময় লাগবে।’ তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই ১০-১২ জনের তথ্য সংগ্রহ করেছি যারা আন্দোলনের সময় ফেসবুক লাইভে এসে গুজব ছড়িয়েছে। বাকিদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’
মাহমুদের বন্ধুরা যা আশঙ্কা করছিল তাই ঘটল। রোববার রাতে মাহমুদের বাড়িতে পুলিশ অভিযান চালায়। কিন্তু পুলিশের হাতে পড়ার আগেই সে তার ফেসবুকের পোস্ট মুছে ফেলতে সক্ষম হয়। তবে বেসরকারি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
শনিবারের এই অভিযানের পরে যেসব অ্যাকাউন্ট থেকে আন্দোলনকারীদের উজ্জীবিত করা হচ্ছিল সেগুলো একেবারে নীরব হয়ে যায়। শুরু থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত এক শিক্ষার্থী সম্প্রতি আন্দোলনের পক্ষে তার দেয়া পোস্টগুলো সরিয়ে নেয়। নতুন একটি পোস্টে তিনি লেখেন, ‘ভুল তথ্য ছড়ানোর জন্য আমি দুঃখিত, আমি তখন আবেগাক্রান্ত ছিলাম।’
এর কিছুক্ষণ পর সে নিজেই নিজের অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেয়। নিরাপত্তার স্বার্থে সে ঢাকা ছেড়েছে। বন্ধুদের সাথে তার আদান-প্রদানকৃত মেসেজ দৃষ্টিগোচর হয়েছে।
তিনি লিখেছেন, ‘তারা আমার বাবাকে ফোন করে ভয়ঙ্কর হুমকি দিয়েছে।’ তারা বাবাকে বলেছে, ‘আমরা আপনার সামনেই আপনার মেয়েকে ‘ইত্যাদি ইত্যাদি..’ করে দেব’ এতে আতঙ্কিত হয়ে মা এখন আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে।’
ওয়াজির আরো একজন শিক্ষার্থীর কথা জানতে পারে, যার বাসায় সোমবার সকালের দিকে অভিযান চালানো হয়েছে। ওই শিক্ষার্থী সরকারের সমালোচনা করে পোস্ট দিয়েছিল। পরে সে ফেসবুক থেকে তার পোস্ট ও ছবি সরিয়ে ফেলে। ওয়াজির ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তার কাছে জানতে চান, ‘ভাই, আপনি ঠিক আছেন?
জবাবে সে একটি হাসির ইমো দিয়ে বলে, ‘হ্যাঁ। আপনার কি অবস্থা?’ এতে ওয়াজিরের সন্দেহ হয়। ওয়াজির জবাবে বলেন, ‘আমি ভালো আছি, সককিছু ঠিকঠাক আছে।’ কিন্তু তার বিশ্বাস, তার ফেসবুক অ্যাকাউন্ট নজরদারিতে রয়েছে।
শুধুমাত্র যুবক নয়, যারা যারা এ সময়ে আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছে তাদের সবাইকে খোঁজা হচ্ছে। সরকারী দলের ছাত্র সংগঠন তাদের কর্মীদের বলে দিয়েছে, কেউ যদি এ সময়ে গুজব ছড়িয়েছিল প্রমাণ পাওয়া যায় তাদের তালিকা তৈরি করতে।
যারা আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করেছেন, তাদের একটি তালিকা সম্প্রতি ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে দেয়া হচ্ছে। বলা হচ্ছে, ‘এসব ব্যক্তি গুজব ছড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের সহিংসতায় উস্কে দিয়েছে।’
ছাত্রলীগের নেতারা অভিযুক্ত ছাত্রদের নিয়ে ফেসবুক লাইভে হাজির হচ্ছেন। সেখানে এসব ছাত্রদের ‘স্বীকারোক্তি’ নিচ্ছেন যে, তারা সরকার ও পুলিশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছে।
ফেসবুক ব্যবহারকারীর দিক দিয়ে ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। অন্য সব জায়গার মতো এই শহরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ভিন্নমত প্রকাশের বড় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
যেগুলো মানুষ চায়ের দোকানে বা চার দেয়ালের মধ্যে আলোচনা করতো, এখন অন্যরা সেসব বিষয়ে জানার সুযোগ পেয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সরকার এখন এসব বিষয়ে অতিমাত্রায় কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে।
২০১৩ সালে অস্থিতিশীলতা উস্কে দেয়া বা ধর্মীয় চেতনায় আঘাত করার দায়ে সন্দেহভাজনদের গ্রেপ্তারের প্রক্রিয়া আরো সহজ করতে বাংলাদেশে ডিজিটাল কমিউনিকেশন আইন সংস্কার করা হয়।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, সে সময় থেকেই গ্রেপ্তার ও নাজেহাল করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ আইন অনুযায়ী গত ৫ বছরে ১,২৭০টি অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। সরকারপক্ষও স্বীকার করেন যে, এই আইনের অপব্যবহার হচ্ছে। কিন্তু তার পরেও তাঁরা আইনটি বাতিল করে নি।
রবিবার রাতে দেশটির বিখ্যাত আলোকচিত্র শিল্পী শহিদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। তাকেও এই আইনের অধীনেই গ্রেফতার করা হয়। বলা হয়েছে, আন্দোলনের সময় আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ও ফেসবুক পোস্ট করে তিনি উস্কানি দিয়েছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক ওমর ওয়ারেচ বলেছেন, ‘আইনটি এতই অস্পষ্ট যে, এটা দিয়ে সরকারের অপছন্দনীয় যে কোন মন্তব্য বা বিবৃতির দায়ে শাস্তি দেয়া সম্ভব।’ তিনি আরও বলেন, ‘তারা যদি এটা শহিদুল আলমের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, তাহলে আশঙ্কার বিষয় হচ্ছে ভবিষ্যতে এটা অনলাইনে শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশকারী যুবকদের বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে।’
এখন ঢাকার অনেক শিক্ষার্থী অনলাইনে আন্দোলন বিষয়ক পোস্ট দেয়া বন্ধ করে দিয়েছে। এমনই একজন মাহমুদুন্নবী, তিনি বলেন, গত সপ্তাহে যারা রাস্তায় নেমেছে, তাদের অনেকেই এখন আতঙ্কের মধ্যে রয়েছে।
তিনি বলেন, ‘পুলিশ ভুল তথ্য ছড়ানোর সাথে জড়িতদের খুঁজে বের করছে এবং গ্রেপ্তার করছে।’ তার মতে, ‘এটা আমাদের সবার জন্য আতঙ্কজনক সময়। অতীতে এমন ঘটনা কেউ প্রত্যক্ষ করেনি।’