সংবাদ সম্মেলনে রাবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো
আলোকচিত্রশিল্পী শহীদুল আলমের রিমান্ড বাতিলসহ নিঃশর্ত মুক্তি এবং আটককৃত ছাত্রদের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপিড়ন বিরোধী শিক্ষার্থীরা চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করে । বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চলমান নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এসব দাবির কথা জানান ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আমচত্বরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী শাকিলা খাতুন। লিখিত বক্তব্যে তারা বাংলাদেশ পুলিশ, যাত্রীকল্যাণ সমিতি, নিরাপদ সড়ক চাই ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য উল্লেখ করে বলেন, দেশে প্রতিবছর কমপক্ষে ৮ হাজার ও সর্বোচ্চ ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এছাড়া ১০ হাজার মোটরযানের মধ্যে দুর্ঘটনার হার ৮৫ ভাগ যা অন্যান্য দেশে ৩ থেকে সাড়ে ৩ ভাগ যা 'স্টাকচারাল কিলিং বা কাঠামোগত হত্যা' বলে উল্লেখ করেন তারা।
দাবিগুলো হচ্ছে- নিরাপদ সড়ক নিশ্চিত করতে নৌমন্ত্রীর পদত্যাগ সহ কিশোরদের চলমান আন্দোলনের দাবি বাস্তবায়ন করা, শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার করা, আলোকচিত্রশিল্পী শহীদুল আলমের রিমান্ড বাতিলসহ নিঃশর্ত মুক্তি এবং আটককৃত ছাত্রদের নিঃশর্ত মুক্তি, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, চালক-স্টাফদের নিয়োগপত্র-পরিচয়পত্র ও প্রশিক্ষণ এবং শ্রমঘন্টা ও বেতন নির্ধারণ করাসহ আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে।
এ সময় নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাদীরা রুম্মান, চারুকলা বিভাগের আফরুকুন্নাহার তানিয়া, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের রঞ্জু হাসান প্রমুখ।