চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্যতম গৌরব ও ঐতিহ্য শাটল ট্রেন। শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম এটি। বর্তমান বিশ্বের একমাত্র শাটল ট্রেনের ক্যাম্পাস এই চবি। তাই ক্যাম্পাস জীবনের প্রথম দিন থেকেই এই শাটলের প্রতি অগাধ ভালোবাসা জন্মায় প্রতিটি শিক্ষার্থীর মনে। কিন্তু সেই শাটলেই কাটা পড়ল বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের মাস্টার্সের ছাত্র রবিউল আলমের স্বপ্ন।
চট্টগ্রামের বটতলি স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাওয়ার শিডিউল শুরু হয় প্রতিদিন সকাল ৭.৩০ মিনিট থেকে। তখন থেকেই ক্যাম্পাসে যাওয়ার জন্য শত শত শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ষ্টেশনে।
প্রতিদিনের ন্যায় বুধবার ৮:২০ মিনিটের ট্রেন এসে হাজির হয় ষোলশহর স্টেশনে। শুরু হয় স্টেশনের সেই চিরচেনা দৃশ্য; শুরু হয় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠার চেষ্টা। আজ আর অন্য সবার মত উঠা হয়নি রবিউলের; শাটলেই কাটা পড়ল রবিউলের দুই পা।
চলতি মাসের ১২ তারিখ তার মাস্টার্সের পরীক্ষা। মাস্টার্স শেষ করেই বিসিএস দেওয়ার পরিকল্পনা ছিল তার। বিসিএস-এর পড়ালেখাও চলছিল হরদম। পাশাপাশি পরিবারের হাল ধরার জন্য আপাতত একটি চাকরিও খুঁজে বেড়াচ্ছিলো রবিউল। কিন্তু সবকিছু যেন নিমিষেই শেষ হয়ে গেল শাটলের থাবায়।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নিলার দরিদ্র কৃষক পরিবারের সন্তান রবিউল। ভাই বোনের মধ্যে পঞ্চম হলেও তার দিকেই তাকিয়ে ছিল তার বাবা-মা সহ পরিবার।
প্রবাসী বড় ভাই তার স্ত্রী সন্তান নিয়ে আলাদা সংসার করে থাকেন। বকীদের মধ্যে অন্য দুই ভাই নাফ নদীতে মাছ ধরে জীবিকা উপার্জন করত। কিন্তু দু'বছর আগে তাতে নিষেধাজ্ঞা আরোপ করায় অভাবের চাকাটা আরো ভারী হয়ে যায় তাদের জন্য। কোনোমতে অভাবের মধ্য দিয়ে চলছিল তাদের সংসার।
রবিউলের ছোট ভাইদের মধ্যে একজন চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আরেকজন সদ্য দ্বাদশ পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। রবিউলের দুটি টিউশনিতেই চলে ছোট ভাইদের কোচিং ফি, পড়ালেখাসহ অন্যান্য খরচ।
রবিউলের ছোট ভাই রফিক বলেন, বর্তমানে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এখনও নাফ নদীতে মাছ ধরার অনুমোদন দিচ্ছেনা সরকার, তাই অনেক সমস্যার মধ্যে আছি আমরা। ভাইয়া দুইটি টিউশন করিয়ে আমাদের পড়ালেখার খরচ চালাত। ভাইয়ার এই দূর্ঘটনার ফলে আমাদেরকে সাহায্য করার মত আর কেউ রইল না।
বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা রবিউলের যথাযথ চিকিৎসার জন্য যথেষ্ট চেষ্টা করছি। তার অস্ত্রোপচার হয়েছে। আর্থিকভাবে সব ধরনের সহযোগিতা আমরা দিব।
রবিউলের ছোট ভাই রফিক ‘দ্য ডেইলি ক্যাম্পাস’কে বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মেডিকেলের চিকিৎসক এবং ভাইয়ার বন্ধুদের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতা এবং সহযোগিতা পেয়েছি। আলী আজগর স্যার ও আমাদেরকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
প্রতিবছরই শাটল ট্রেনে যাতায়াত করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে। আজ থেকে রবিউল ও হয়ে গেল আহতদের একজন। আর মাত্র কিছুদিন পরেই শেষ হতো তার বিশ্ববিদ্যালয় জীবন। কিন্তু শাটল তার শেষটা সুন্দর হতে দিলো না।
রবিউলের বন্ধু মোস্তফা কামাল আক্ষেপ করে বলেন, গতরাতেও সবাই একসাথে আড্ডা দিয়েছিলাম কিন্তু ভোরে উঠেই যে এমন সংবাদ শুনতে হবে তা কে জানতো! সংবাদটা শোনার পর দাঁড়িয়ে হাটতে পারছিলাম না। ভাবতেও পারছিলাম না এমন কিছু।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আর কত শিক্ষার্থী হাত পা হারালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চোখ খুলবে আমরা জানিনা। বারবার বগি বৃদ্ধিসহ শাটলে যাতায়াতে নিরাপত্তার দাবি জানিয়ে আসলেও কোন ব্যবস্থা নিচ্ছে না কতৃপক্ষ।