ক্যাম্পাসে মিছিলরত ছাত্রলীগ নেতাকর্মীরা © টিডিসি ফটো
সড়কে নিরাপত্তা নিশ্চিতকল্পে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ মন্ত্রীসভায় অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পরিবহন চত্বর থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে শাখা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।
সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে কোমলমতি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কাজ করেছেন। এজন্য জাবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘দেশের জনগণের দাবি ও অধিকার বাস্তবায়নে দেশরত্ন শেখ হাসিনার সরকার সর্বদা অবিচল রয়েছেন। যার বহিঃপ্রকাশ ‘সড়ক পরিবহন আইন’র খসড়া অনুমোদন দেয়ার মাধ্যমে ঘটেছে। এজন্য আমারা শাখা ছাত্রলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।।’
তিনি আরো বলেন, “এক শ্রেণীর স্বার্থেন্বেষী মহল কোমলমতি শিক্ষার্থীদের এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে। কিন্তু তাদের এ বাসনা দেশের জনগণ বাস্তবায়ন হতে দেবে না।’ দেশের স্বার্থে যে কোন বিশৃঙ্খলা মোকাবেলার জন্য জাবি শাখা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, এ এইচ মোর্তুজা রিফাত, মাজেদ সীমান্ত, নাহিদ হোসেন, আবু সাদাত সায়েম, শামীম শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডল, আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুল আলম তুষার প্রমুখ।